শনিবার ● ২৮ মার্চ ২০২৬
গৌরনদী বার্থী তাঁরা মায়ের মন্দিরে সাড়ে চারশো বছরের ঐতিহ্যে বাৎসরিক কালীপূজা সম্পন্ন
হোম পেজ » বরিশাল » গৌরনদী বার্থী তাঁরা মায়ের মন্দিরে সাড়ে চারশো বছরের ঐতিহ্যে বাৎসরিক কালীপূজা সম্পন্ন
সাগরকন্যা প্রতিবেদক, গৌরনদী (বরিশাল)
বরিশালের গৌরনদী উপজেলার ঐতিহ্যবাহী বার্থী তাঁরা মায়ের মন্দিরে সাড়ে চারশো বছরের ধারাবাহিকতায় বাৎসরিক কালীপূজা সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে।
শনিবার সকাল থেকে শুরু হওয়া এই পূজা রাতে শেষ হয়। পূজা উপলক্ষে মন্দিরকে নববধুর সাজে আলোকসজ্জা ও বর্ণিল আয়োজনে সজ্জিত করা হয়। দিনভর নানা ধর্মীয় আচার-অনুষ্ঠানে অংশ নিতে অর্ধলক্ষাধিক ভক্তের সমাগম ঘটে বলে পূজা উদ্যাপন কমিটি জানায়।
পূজা উদ্যাপন কমিটির সাধারণ সম্পাদক সঞ্জয় কুমার পাল জানান, সকাল আটটায় কালীপূজার আনুষ্ঠানিকতা শুরু হয়। মন্দিরের পুরোহিত শ্রী অজয় মৈত্র পূজা-অর্চনা পরিচালনা করেন। কর্মসূচির মধ্যে ছিল চণ্ডীপাঠ, শীতলা পূজা, বলিদান, গীতাপাঠ, সন্ধ্যায় আরতি প্রতিযোগিতা, প্রসাদ বিতরণ, শিবাভোগ এবং গভীর রাতে ধর্মীয় সংগীতানুষ্ঠান।
কমিটির সহ-সম্পাদক আশীষ দাস জানান, প্রায় সাড়ে চারশো বছরের পুরনো এই মন্দিরটি দেশের অন্যতম ঐতিহ্যবাহী পূজাস্থল। বিশ্বের অশান্ত পরিস্থিতিতে শান্তি ও মঙ্গল কামনায় প্রতি বছর বাংলা ১৩ চৈত্রে এখানে ব্যাপক আয়োজনে এই কালীপূজা অনুষ্ঠিত হয়ে আসছে।
গৌরনদী থানার ওসি তারিক হাসান রাসেল জানান, কালীপূজা উপলক্ষে মন্দির এলাকায় কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়।
বাংলাদেশ সময়: ১৯:৩৯:১৪ ● ২৩ বার পঠিত
