শনিবার ● ২৮ মার্চ ২০২৬

কলাপাড়ায় প্রিয় পোষ্য ‘স্যান্ডি’র স্মরণে ৫০০ পথ কুকুরকে খাবার বিতরণ

হোম পেজ » পটুয়াখালী » কলাপাড়ায় প্রিয় পোষ্য ‘স্যান্ডি’র স্মরণে ৫০০ পথ কুকুরকে খাবার বিতরণ
শনিবার ● ২৮ মার্চ ২০২৬


 

কলাপাড়ায় প্রিয় পোষ্য ‘স্যান্ডি’র স্মরণে ৫০০ পথ কুকুরকে খাবার বিতরণ

সাগরকন্যা প্রতিবেদক, কলাপাড়া (পটুয়াখালী)

প্রিয় পোষ্য হারানোর শোক থেকেই জন্ম নিল এক ব্যতিক্রমী মানবিক উদ্যোগ। ‘স্যান্ডি’ নামের পোষ্য কুকুরটির স্মরণে কলাপাড়ায় প্রায় ৫০০ পথ কুকুরকে ভাত ও মাংস খাওয়ানোর আয়োজন করেছেন এক নারী, যা স্থানীয়ভাবে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। অনেকে করেছেন প্রশংসাও।

 

পটুয়াখালীর কলাপাড়া পৌর শহরের মুসলিমপাড়া এলাকার বাসিন্দা দুই বোন নাতাশা ও তানিয়া প্রায় সাত বছর আগে ঢাকা থেকে একটি বিদেশি জাতের কুকুর এনে সন্তানের মতো লালন-পালন করেন। আদর করে নাম রাখেন ‘স্যান্ডি’। তিন মাস আগে জরুরি কাজে উত্তরবঙ্গে যাওয়ার সময় কুকুরটিকে এক প্রতিবেশীর কাছে রেখে যান তানিয়া। তবে যথাযথ খাবার ও চিকিৎসার অভাবে গত মঙ্গলবার মারা যায় স্যান্ডি।

 

প্রিয় পোষ্য হারানোর বেদনা থেকেই শুক্রবার (২৭ মার্চ) তানিয়া ব্যতিক্রমী এই উদ্যোগ নেন। নিজ হাতে রান্না করা ভাত ও মাংস ভ্যানে করে কলাপাড়া পৌরসভার বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে পথ কুকুরদের মাঝে বিতরণ করেন। এ কাজে সহযোগিতা করে ‘এনিমেল লাভারস অফ পটুয়াখালী’র কলাপাড়া টিম।

 

তানিয়া সাগরকন্যাকে বলেন, ‘দীর্ঘ সাত বছর নিজের সন্তানের মতো স্যান্ডিকে লালন-পালন করেছি। তাকে হারানোর বেদনা কোনোভাবেই ভুলতে পারছি না। তাই তার স্মরণে ৫০০ পথ কুকুরকে খাবার বিতরণ করেছি। অসুস্থ হওয়ার পর প্রতিবেশীরা বিষয়টি আমাকে জানায়নি। এনিমেল লাভারসের সদস্যদের সহযোগিতার জন্য তাদের ধন্যবাদ জানাই।’

 

এনিমেল লাভারস অফ কলাপাড়া শাখার টিম লিডার মো. বায়জিদ আহসান বলেন, ‘আমরা নিয়মিত বেওয়ারিশ কুকুর-বিড়ালের মাঝে খাবার বিতরণ করি। তবে প্রিয় পোষ্যের স্মৃতি থেকে এমন উদ্যোগ সত্যিই ব্যতিক্রমী। আমরা সর্বাত্মক সহযোগিতা করেছি। সমাজের বিত্তবানদের প্রাণী কল্যাণে এগিয়ে আসার আহ্বান জানাচ্ছি।’

 

কলাপাড়া উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো. মারুফ বিল্লাহ খান বলেন, ‘এটি একটি প্রশংসনীয় উদ্যোগ। আমাদের আশপাশে অনেক সময় অভুক্ত কুকুর-বিড়াল দেখা যায়, কিন্তু আমরা তাদের পাশে দাঁড়াই না। প্রাণী কল্যাণে সবাইকে এগিয়ে আসা উচিত।’

বাংলাদেশ সময়: ১৭:৫৯:১৩ ● ২৪ বার পঠিত