শনিবার ● ২৮ মার্চ ২০২৬

গলাচিপায় ঝড়ে ঘর বিধ্বস্ত, পলিথিনের ছাউনিতে সন্তানদের নিয়ে শিপ্রা রানীর বেঁচে থাকার লড়াই

হোম পেজ » পটুয়াখালী » গলাচিপায় ঝড়ে ঘর বিধ্বস্ত, পলিথিনের ছাউনিতে সন্তানদের নিয়ে শিপ্রা রানীর বেঁচে থাকার লড়াই
শনিবার ● ২৮ মার্চ ২০২৬


গলাচিপায় ঝড়ে ঘর বিধ্বস্ত, পলিথিনের ছাউনিতে সন্তানদের নিয়ে শিপ্রা রানীর বেঁচে থাকার লড়াই

সাগরকন্যা প্রতিবেদক, গলাচিপা (পটুয়াখালী)
পটুয়াখালীর গলাচিপা উপজেলার গোলখালী ইউনিয়নের এক অসহায় নারী শিপ্রা রানী ঝড়ে ঘর হারিয়ে সন্তানদের নিয়ে মানবেতর জীবনযাপন করছেন। স্বামীর পরিত্যক্ত এই নারী এখন পলিথিনের অস্থায়ী ছাউনিতে বসবাস করে জীবনের সঙ্গে লড়াই চালিয়ে যাচ্ছেন।
গোলখালী গ্রামের বাসিন্দা বিমল গাইনের মেয়ে শিপ্রা রানী দীর্ঘদিন ধরে মানুষের বাসায় কাজ করে কোনোভাবে সংসার চালিয়ে আসছিলেন। কিন্তু স্থায়ী আয় না থাকায় তার পক্ষে একটি নিরাপদ ঘর নির্মাণ করা সম্ভব হয়নি।
সম্প্রতি চৈত্র মাসের ঝড়ে তার ছোট্ট ঝুপড়ি ঘরটি সম্পূর্ণ বিধ্বস্ত হয়ে যায়। এরপর তিনি পলিথিন দিয়ে অস্থায়ী ছাউনি তৈরি করে সন্তানদের নিয়ে বসবাস করছেন। বৃষ্টি-রোদ ও ঝড়-ঝঞ্ঝার মধ্যেই চলছে তাদের কষ্টের জীবন।
শিপ্রা রানী বলেন, ‘ঘর তুলবো তো দূরের কথা, দুই বেলা ঠিকমতো খেতেও পারি না। ঝড়ে আমার ঘর শেষ হয়ে গেছে। এখন পলিথিনের নিচে থাকি, বাচ্চাদের নিয়ে খুব কষ্টে দিন কাটাই। আমাদের দেখার মতো কেউ নেই।’
স্থানীয়রা সাগরকন্যাকে জানান, তার এই দুর্দশা দীর্ঘদিনের হলেও সাম্প্রতিক ঝড়ে পরিস্থিতি আরও ভয়াবহ হয়েছে। প্রতিদিনই তিনি টিকে থাকার জন্য সংগ্রাম করছেন।
এলাকাবাসীর দাবি, জরুরি ভিত্তিতে শিপ্রা রানীর জন্য একটি নিরাপদ বাসস্থানের ব্যবস্থা করা প্রয়োজন। পাশাপাশি সমাজের বিত্তবান ব্যক্তি ও সংশ্লিষ্ট প্রশাসনের সহায়তা পেলে তার জীবনে স্বস্তি ফিরে আসতে পারে।

বাংলাদেশ সময়: ১৭:০৪:০৫ ● ২৯ বার পঠিত