শুক্রবার ● ২৭ মার্চ ২০২৬

কুয়াকাটায় জমি দখলে রাতের আঁধারে হামলা-ভাঙচুর ও লুটপাটের অভিযোগ

হোম পেজ » কুয়াকাটা » কুয়াকাটায় জমি দখলে রাতের আঁধারে হামলা-ভাঙচুর ও লুটপাটের অভিযোগ
শুক্রবার ● ২৭ মার্চ ২০২৬


 

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করছেন ভুক্তভোগী মো. শাহজাহান গাজী

সাগরকন্যা প্রতিবেদক, মহিপুর (পটুয়াখালী)

পটুয়াখালীর কুয়াকাটায় পৈতৃক জমি দখলকে কেন্দ্র করে বসতঘরে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী মো. শাহজাহান গাজী সংবাদ সম্মেলন করে অভিযোগ ও বিচার দাবি করেছেন।

 

শুক্রবার দুপুরের দিকে মহিপুর প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি লিখিত বক্তব্যে বলেন, বরিশালের বানারিপাড়া উপজেলার কুনদিহার গ্রামের খন্দকার মো. গোলাম হায়দার সেন্টু দীর্ঘদিন ধরে তার পৈতৃক সম্পত্তি দখলের চেষ্টা চালিয়ে আসছেন।

 

শাহজাহান গাজী বলেন, পটুয়াখালীর মহিপুর থানার লতাচাপলী মৌজার (হাল মৌজা কুয়াকাটা পৌরসভা ৭ নম্বর ওয়ার্ড) এসএ খতিয়ান নং ৪৮৫-এর অন্তর্ভুক্ত ৫৩৯২, ৫৩৯৩, ৫৩৯৪, ৫৩৯৫, ৫৩৯৬, ৫৪০২ ও ৫৪০৪ দাগের মোট ৬ একর ৮০ শতাংশ জমির মধ্যে ১ একর জমির মালিক ছিলেন তার পিতা মৃত ইয়াকুব আলী গাজী। পিতার মৃত্যুর পর তিনি ও তার এক ভাই এবং পাঁচ বোন ওয়ারিশ সূত্রে জমির মালিকানা পান।

 

অভিযোগে তিনি আরও বলেন, জীবিকার কারণে বাইরে থাকার সুযোগে অভিযুক্ত সেন্টু জোরপূর্বক জমি দখল করেন এবং একাধিকবার তাকে মারধর করা হয়। পরে তিনি আদালতের আশ্রয় নিলে রায় তার পক্ষে আসে। এরপর থানা পুলিশ ও সার্ভেয়ারের উপস্থিতিতে পরিমাপ করে তাকে ৮৮ শতাংশ জমি বুঝিয়ে দেওয়া হয়, যেখানে তিনি বসতঘর নির্মাণ করে বসবাস করছিলেন।

 

ভুক্তভোগীর দাবি, বৃহস্পতিবার (২৬ মার্চ) রাত সাড়ে ৯টার দিকে সেন্টুর নেতৃত্বে তার ভাগিনা তুহিনসহ শতাধিক লোক তার বাড়িতে হামলা চালায়। এ সময় বসতঘর ভাঙচুর করে ভেকু মেশিন দিয়ে গুঁড়িয়ে দেওয়া হয় এবং ট্রাকে করে ঘরের কাঠ, টিন, ১৬৫ বস্তা সিমেন্ট, রড ও আসবাবপত্রসহ বিভিন্ন মালামাল লুট করে নিয়ে যায়।

 

সংবাদ সম্মেলনে তিনি প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করে নিজ জমিতে নিরাপদে বসবাসের নিশ্চয়তা দাবি করেন।

 

এ বিষয়ে অভিযুক্ত খন্দকার মো. গোলাম হায়দার সেন্টুর সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।

 

সংবাদ সম্মেলনে মহিপুর প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি হাবিবুল্লাহ খান রাব্বী, সিনিয়র সহ-সভাপতি আব্দুল ওহাব হাওলাদার, অর্থ সম্পাদক এম পলাশ সরকারসহ অন্যরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৯:৫৮:৫৯ ● ৪৯ বার পঠিত