শুক্রবার ● ২৭ মার্চ ২০২৬
বাসচালকের জরিমানা গৌরনদী বাসস্ট্যান্ডে যাত্রী হয়রানি রোধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান
হোম পেজ » বরিশাল » বাসচালকের জরিমানা গৌরনদী বাসস্ট্যান্ডে যাত্রী হয়রানি রোধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান

সাড়রকন্যা প্রতিবেদক, গৌরনদী (বরিশাল)
যাত্রী হয়রানি ও অতিরিক্ত ভাড়া আদায় রোধে বরিশালের গৌরনদী বাসস্ট্যান্ডে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালিত হয়েছে। শুক্রবার (২৭ মার্চ) বিকেলের দিকে এ অভিযান চালানো হয়।
অভিযানে বাসচালক ও সহকারীদের নির্ধারিত ভাড়ার তালিকা মেনে চলা এবং যাত্রীসেবায় শৃঙ্খলা বজায় রাখার নির্দেশ দেওয়া হয়। একই সঙ্গে যাত্রীদের সঙ্গেও কথা বলে তাদের সচেতন করা হয়েছে।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন গৌরনদী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ মেহেদী হাসান। তিনি বলেন, ‘যাত্রীদের ভোগান্তি কমাতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। অতিরিক্ত ভাড়া আদায় বা যাত্রী হয়রানির প্রমাণ পাওয়া গেলে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
অভিযান চলাকালে ১৩ জন যাত্রীর অভিযোগের ভিত্তিতে বিভিন্ন অনিয়ম শনাক্ত হয়। এসময় কিছু বাস ঢাকা থেকে বরিশাল যাওয়ার কথা থাকলেও যাত্রীদের গৌরনদী বাসস্ট্যান্ডে নামিয়ে দিয়ে সেখানে নতুন যাত্রী তোলার ঘটনা ঘটে।
এ ঘটনায় একজন বাসচালককে ১০ হাজার টাকা জরিমানা করা হয়, অনাদায়ে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। এছাড়া সড়কে অবৈধ পার্কিংয়ের দায়ে দুটি যানবাহনকে মোট ৪ হাজার টাকা জরিমানা করা হয়।
একই সময়ে ভুক্তভোগী ১৩ জন যাত্রীকে অন্য যানবাহনের মাধ্যমে নিরাপদে বরিশাল পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হয়। পাশাপাশি জ্বালানি তেল সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোও পরিদর্শন করে মজুদদারি প্রতিরোধে সতর্ক করা হয়েছে।
বাংলাদেশ সময়: ১৯:৪০:২০ ● ৩৯ বার পঠিত
