শুক্রবার ● ২৭ মার্চ ২০২৬
বাউফলে চাঁদাবাজি মামলায় উপ-খাদ্যপরিদর্শক গ্রেফতার
হোম পেজ » পটুয়াখালী » বাউফলে চাঁদাবাজি মামলায় উপ-খাদ্যপরিদর্শক গ্রেফতার

সাগরকন্যা প্রতিবেদক, বাউফল (পটুয়াখালী)
পটুয়াখালীর বাউফলে তরমুজ চাষিদের করা চাঁদাবাজি মামলায় মো. অলিউল্লাহ্ ওরফে অলি নামে এক উপ-খাদ্যপরিদর্শককে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৬ মার্চ) রাত ১০টার দিকে উপজেলা সদরের হাসপাতাল সড়ক এলাকা থেকে তাকে গ্রেফতার করে শুক্রবার আদালতে সোপর্দ করা হয়েছে।
মামলার এজাহার সূত্রে জানা যায়, তরমুজ চাষি আরব আলীসহ রাঙাবালী ও চরফ্যাশন উপজেলার কয়েকজন চাষি দীর্ঘদিন ধরে বাউফলের চন্দ্রদ্বীপ ইউনিয়নের চরাঞ্চলে বর্গা জমিতে তরমুজ চাষ করে আসছিলেন। চলতি মৌসুমে তারা চন্দ্রদ্বীপের চর দিয়ারাকচুয়া এলাকায় জমি লিজ নিয়ে চাষাবাদ করেন।
অভিযোগে বলা হয়, গাছে ফল আসার পর অলির নেতৃত্বে একটি চক্র চাষকৃত জমি নিজেদের দাবি করে ২০ লাখ টাকা চাঁদা দাবি করে এবং চাঁদা না দিলে খেত থেকে তরমুজ কাটতে দেওয়া হবে না বলে হুমকি দেয়।
এজাহারে আরও উল্লেখ করা হয়, চলতি মাসের শুরুতে চাষিরা প্রায় ৯ হাজার তরমুজ সংগ্রহ করে দুটি ইঞ্জিনচালিত ট্রলারে মোকামে পাঠানোর প্রস্তুতি নেন, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ২৭ লাখ টাকা। গত ১৬ মার্চ বেলা ১১টার দিকে অলি ও তার সহযোগীরা দেশীয় অস্ত্রসহ সেখানে উপস্থিত হয়ে চাঁদা দাবি করে। চাষিরা অস্বীকৃতি জানালে তারা তরমুজ বোঝাই ট্রলার দুটি জোরপূর্বক নিয়ে যায়।
পরে অভিযুক্ত অলি ১০ হাজার টাকা নিয়ে একটি ট্রলার, যাতে প্রায় ৪ হাজার তরমুজ ছিল, তা চাষিদের ফেরত দেন বলে অভিযোগে উল্লেখ করা হয়।
এ ঘটনায় ভুক্তভোগী চাষি আরব আলী বাদী হয়ে বাউফল থানায় মো. অলিউল্লাহ্ ওরফে অলি প্রধান আসামি করে ১৫ জনের নাম উল্লেখসহ আরও ১০ থেকে ১২ জন অজ্ঞাত ব্যক্তির বিরুদ্ধে চাঁদাবাজির মামলা দায়ের করেন। মামলার পর পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।
বাউফল থানার পরিদর্শক (তদন্ত) আতিকুল ইসলাম বলেন, গ্রেফতার ব্যক্তিকে শুক্রবার আদালতে পাঠানো হয়েছে। অন্য আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।
বাংলাদেশ সময়: ১৯:২৪:৩০ ● ২৪ বার পঠিত
