বুধবার ● ২৫ মার্চ ২০২৬
গৌরনদীতে একাধিক মামলার পলাতক মাদককারবারি ইয়াবা সহ গ্রেপ্তার
হোম পেজ » বরিশাল » গৌরনদীতে একাধিক মামলার পলাতক মাদককারবারি ইয়াবা সহ গ্রেপ্তার
![]()
সাগরকন্যা প্রতিবেদক, গৌরনদী (বরিশাল)
গৌরনদী ও আশপাশের এলাকায় দীর্ঘদিন ধরে মাদককারবারের সঙ্গে জড়িত এবং একাধিক মামলার পলাতক আসামি মো. দুলাল শরীফ ওরফে দুলু শরীফ (৪৫)কে অবশেষে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তার কাছ থেকে ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রির নগদ টাকা উদ্ধার করা হয়েছে। একই অভিযানে তার সহযোগী আরমান সরদার (৩১)কেও আটক করা হয়েছে।
গৌরনদী মডেল থানা পুলিশ জানিয়েছে, বুধবার (২৫ মার্চ) সকালে গোপন সংবাদের ভিত্তিতে গৌরনদী পৌরসভার সুন্দরদী মহল্লায় অভিযান চালানো হয়। অভিযানে দুলু শরীফকে ৫৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ হাতেনাতে গ্রেপ্তার করা হয়। তার সঙ্গে থাকা সহযোগী আরমান সরদারকেও আটক করা হয়।
গ্রেপ্তার দুলু শরীফ সুন্দরদী মহল্লার মৃত ইউনুস শরীফের ছেলে এবং আটক আরমান সরদার একই এলাকার মো. কবির সরদারের ছেলে।
থানা সূত্রে জানা গেছে, দুলু শরীফের বিরুদ্ধে গৌরনদী, আগৈলঝাড়া ও বরিশাল মেট্রোপলিটন এলাকার বিভিন্ন থানায় এক ডজনেরও বেশি মাদকের মামলা রয়েছে। অধিকাংশ মামলায় তিনি দীর্ঘদিন ধরেই পলাতক ছিলেন এবং পুলিশের তালিকাভুক্ত মাদককারবারি হিসেবে চিহ্নিত।
গৌরনদী মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মো. জহিরুল ইসলাম বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছেন।
ওসি তারিক হাসান রাসেল বলেন, ‘দুলু শরীফ একজন তালিকাভুক্ত মাদককারবারি। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে এবং তিনি দীর্ঘদিন ধরেই পলাতক ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে।’ তিনি আরও জানান, গ্রেপ্তারকৃতদের বুধবার দুপুরে বরিশাল আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
বাংলাদেশ সময়: ১৭:৪৬:২১ ● ৫৯ বার পঠিত
