সোমবার ● ২৩ মার্চ ২০২৬

বাউফলে সামাজিক অনুষ্ঠানে উপহারবিহীন দাওয়াতের কমিটি!

হোম পেজ » পটুয়াখালী » বাউফলে সামাজিক অনুষ্ঠানে উপহারবিহীন দাওয়াতের কমিটি!
সোমবার ● ২৩ মার্চ ২০২৬


 

বাউফলে সামাজিক অনুষ্ঠানে উপহারবিহীন দাওয়াতের কমিটি!

সাগরকন্যা প্রতিবেদক, বাউফল (পটুয়াখালী)

পটুয়াখালীর বাউফল উপজেলায় সামাজিক অনুষ্ঠানে দাওয়াত পেলেও কোনো উপহার বা আর্থিক বিনিময় ছাড়াই অংশগ্রহণের মানসিকতা গড়ে তোলার উদ্যোগে ব্যতিক্রমী একটি কমিটি গঠন করা হয়েছে। সোমবার (২৩ মার্চ) সন্ধ্যায় বাউফল পৌর শহরের একটি রেস্তোরাঁয় আয়োজিত বৈঠকে প্রাথমিকভাবে এ কমিটি গঠন করা হয়।

 

কমিটির আহ্বায়ক হিসেবে নির্বাচিত হয়েছেন ইঞ্জিনিয়ার ফারুক আহমেদ তালুকদার মহিলা কলেজের সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ ও বাউফল প্রেসক্লাবের সদস্য মু. অহিদুজ্জামান সুপন। সদস্য সচিব হয়েছেন প্রথম আলোর উপজেলা প্রতিনিধি ও বাউফল প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক এবি মিজানুর রহমান। আহ্বায়ক কমিটির এক নম্বর সদস্য হিসেবে রয়েছেন দশমিনা ডলি আকবর মহিলা কলেজের অধ্যক্ষ ও বাউফল প্রেসক্লাবের সদস্য মো. সোহরাব হোসেন।

 

আহ্বায়ক অহিদুজ্জামান সুপন জানান, প্রায় দুই বছর ধরে তিনি কোনো সামাজিক অনুষ্ঠানে দাওয়াত পেলেও উপহার ছাড়াই অংশগ্রহণ করছেন। তিনি বলেন, দাওয়াত মানে আন্তরিক আমন্ত্রণ। সেখানে যদি উপহারের বিনিময় যুক্ত হয়, তাহলে সেটা আর নিছক সম্পর্ক থাকে না, এক ধরনের লেনদেনে পরিণত হয়।” সদস্য সচিব এবি মিজানুর রহমানও বলেন, “যদি কেউ আমাকে দাওয়াত দেয়, তাহলে সেটা খাওয়ানোর জন্যই দেয়। সেখানে উপহার বা টাকা দেওয়ার বিষয়টা অযৌক্তিক মনে হয়।’

 

কমিটির নেতারা মনে করেন, সমাজে ধীরে ধীরে এমন সচেতনতা তৈরি হওয়া দরকার, যেখানে দাওয়াত মানেই কোনো আর্থিক বা উপহারের বিনিময় নয়। তারা বলছেন, এতে সামাজিক সম্পর্ক আরও স্বচ্ছ ও আন্তরিক হবে।

 

তবে এই উদ্যোগের বিরোধিতা করেছেন বাউফল প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও ইত্তেফাকের বাউফল প্রতিনিধি কৃষ্ণ কান্ত কর্মকার। তিনি বলেন, দাওয়াতে গিয়ে কোনো উপহার না দেওয়াটা সামাজিকভাবে গ্রহণযোগ্য নয়। উপহার দেওয়া শুধু লেনদেন নয়, বরং শুভেচ্ছার প্রতীক। সেটি পুরোপুরি অস্বীকার করলে সামাজিক বন্ধন ক্ষতিগ্রস্ত হতে পারে।

 

বিশিষ্টজনরা বলছেন, বাউফলে ‘উপহারবিহীন দাওয়াত’ ধারণা নতুন আলোচনা সৃষ্টি করেছে। এখন দেখার বিষয়, এটি কতটা সমাজে গ্রহণযোগ্যতা পায়, নাকি বিতর্কের মধ্যেই সীমাবদ্ধ থাকে।

বাংলাদেশ সময়: ২০:০১:০৫ ● ২২ বার পঠিত