সোমবার ● ২৩ মার্চ ২০২৬
কাউখালীতে নদীতে গোসল করতে গিয়ে মাদরাসাছাত্র নিখোঁজ
হোম পেজ » পিরোজপুর » কাউখালীতে নদীতে গোসল করতে গিয়ে মাদরাসাছাত্র নিখোঁজ

সাগরকন্যা প্রতিবেদক, কাউখালী (পিরোজপুর)
পিরোজপুরের কাউখালী উপজেলায় গাবখান নদীতে পরিবারের সদস্যদের সঙ্গে গোসল করতে গিয়ে হাফেজ মো. আশরাফুল আলম (১৭) নামে এক মাদরাসাছাত্র নিখোঁজ হয়েছে।
সোমবার (২৩ মার্চ) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার আমরাজুড়ি ইউনিয়নের আশোয়া এলাকায় এ ঘটনা ঘটে। নিখোঁজ আশরাফুল আলম আশোয়া গ্রামের বশির উদ্দিন ফরাজীর ছেলে। তিনি বাবা-মায়ের সঙ্গে ঢাকায় বসবাস করতেন এবং ঈদের ছুটিতে গ্রামের বাড়িতে একটি বিয়ের অনুষ্ঠানে এসে নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হন।
প্রত্যক্ষদর্শীরা জানান, আশরাফুল আলম বাড়ির সামনে ঘাটে পরিবারের কয়েকজন সদস্যের সঙ্গে গাবখান নদীতে গোসল করতে নামেন। একপর্যায়ে প্রবল স্রোতে তিনি তলিয়ে যান। পরে স্থানীয়রা অনেক খোঁজাখুঁজি করেও তাকে উদ্ধার করতে পারেননি।
কাউখালী ফায়ার সার্ভিসের ইনচার্জ খলিলুর রহমান জানান, খবর পেয়ে তারা ঘটনাস্থলে পৌঁছান। বরিশালের ডুবুরি দল ভোলায় অবস্থান করায় পরে পটুয়াখালীর ফায়ার সার্ভিসের ডুবুরি দল এসে উদ্ধার অভিযান শুরু করে। এ রিপোর্ট লেখা পর্যন্ত নিখোঁজ আশরাফুল আলমের সন্ধান মেলেনি। ঘটনাস্থল পরিদর্শন করেছে কাউখালী থানা পুলিশ।
বাংলাদেশ সময়: ১৮:৫৬:৫৪ ● ২৪ বার পঠিত
