রবিবার ● ২২ মার্চ ২০২৬
দুমকিতে ঈদ আনন্দ মেলার দ্বিতীয় দিনে দর্শনার্থীদের উপচে পড়া ভিড়
হোম পেজ » পটুয়াখালী » দুমকিতে ঈদ আনন্দ মেলার দ্বিতীয় দিনে দর্শনার্থীদের উপচে পড়া ভিড়

সাগরকন্যা প্রতিবেদক, দুমকি (পটুয়াখালী)
পটুয়াখালীর দুমকিতে পায়রা সেতুর নিচে পায়রা নদীর তীরে মাসব্যাপী ঈদ আনন্দ মেলার দ্বিতীয় দিনে দর্শনার্থীদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে। রবিবার (২২ মার্চ) ঈদের দ্বিতীয় দিনে রেকর্ডসংখ্যক মানুষ মেলায় ভিড় জমালে পুরো এলাকা উৎসবমুখর পরিবেশে পরিণত হয়। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বিভিন্ন বয়সের মানুষ পরিবার-পরিজন নিয়ে মেলায় অংশ নেন, ফলে আয়োজকদের প্রত্যাশাকেও ছাড়িয়ে যায় উপস্থিতি।
মেলায় আগত দর্শনার্থীদের পদচারণায় মুখর হয়ে ওঠে পায়রা নদীর তীরবর্তী নতুন পর্যটন স্পটটি। বিশেষ করে শিশু ও তরুণদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। বিনোদনের নানা আয়োজন ঘিরে দর্শনার্থীদের আগ্রহ ছিল তুঙ্গে। নাগরদোলা, নৌকা ভ্রমণ, ট্রেন ও মোটরসাইকেল রাইডে ছিল দীর্ঘ লাইন। স্বল্প খরচে এসব বিনোদনের সুযোগ থাকায় সাধারণ মানুষের অংশগ্রহণ বেড়েছে বলে জানান সংশ্লিষ্টরা।
মেলার বিভিন্ন স্টলে জমজমাট বেচাকেনা হয়েছে। খেলনা, ফাস্টফুড, ফুচকা, চানাচুর, বাদামসহ নানা ধরনের খাবারের দোকানে ছিল ক্রেতাদের ভিড়। বিক্রেতারা জানান, ঈদের দ্বিতীয় দিন হওয়ায় ক্রেতার চাপ বেশি ছিল এবং বিক্রি সন্তোষজনক হয়েছে। সন্ধ্যার পর মেলার পরিবেশ আরও প্রাণবন্ত হয়ে ওঠে, আলোকসজ্জা ও দর্শনার্থীদের উপস্থিতিতে পুরো এলাকা উৎসবের আমেজ ধারণ করে।
আয়োজক প্রেসক্লাব দুমকি সূত্রে জানা যায়, ঈদকে কেন্দ্র করে স্থানীয়দের পাশাপাশি দূর-দূরান্ত থেকে আগত দর্শনার্থীদের জন্য বাড়তি বিনোদনের সুযোগ সৃষ্টি করতেই এ মেলার আয়োজন করা হয়েছে। মাসব্যাপী চলা এ মেলায় প্রতিদিনই বিভিন্ন বিনোদনমূলক আয়োজন রাখা হয়েছে, যা আগামী দিনগুলোতে আরও আকর্ষণীয় হবে বলে আশা করছেন আয়োজকরা।
নিরাপত্তা নিশ্চিত করতে মেলা প্রাঙ্গণে পুলিশ, আনসার ও ভিডিপি সদস্যদের মোতায়েন করা হয়েছে। এছাড়া আয়োজকদের নিজস্ব স্বেচ্ছাসেবক দল সার্বক্ষণিক দায়িত্ব পালন করছে। কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই শান্তিপূর্ণভাবে মেলা উপভোগ করতে পারছেন দর্শনার্থীরা বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
বাংলাদেশ সময়: ২১:১১:৩৫ ● ৩৮ বার পঠিত
