বৃহস্পতিবার ● ১৯ মার্চ ২০২৬

গলাচিপা খেয়াঘাট দখলে প্রতিমন্ত্রীর নাম ব্যবহার, ভিডিও ভাইরাল

হোম পেজ » লিড নিউজ » গলাচিপা খেয়াঘাট দখলে প্রতিমন্ত্রীর নাম ব্যবহার, ভিডিও ভাইরাল
বৃহস্পতিবার ● ১৯ মার্চ ২০২৬


 

গলাচিপা খেয়াঘাট দখলে প্রতিমন্ত্রীর নাম ব্যবহার, ভিডিও ভাইরাল

সাগরকন্যা প্রতিবেদক, গলাচিপা (পটুয়াখালী)

পটুয়াখালীর গলাচিপা উপজেলার হরিদেবপুর খেয়াঘাটে সহিংস দখলের ঘটনা সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে। মঙ্গলবার রাত আনুমানিক ১০টার দিকে একদল লোক ম্যানেজার ও ইজারাদারের কর্মীদের মারধর করে টোলের নগদ অর্থ ছিনিয়ে নিয়ে ঘাট দখল করে- এমন অভিযোগ উঠেছে।

 

স্থানীয়দের ভাষ্য, দখলকারীরা হামলার সময় স্থানীয় সংসদ সদস্য ও প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী মো. নুরুল হকের নাম ব্যবহার করে প্রভাব খাটানোর চেষ্টা করে। এ ঘটনার সিসিটিভি ফুটেজ দ্রুত ছড়িয়ে পড়লে জনমনে তীব্র প্রতিক্রিয়া দেখা দেয়।

 

খেয়াঘাটের ম্যানেজার দীপু সাহা বলেন, স্থানীয় সোহেল আকন ও তালেবের নেতৃত্বে শতাধিক ব্যক্তি ঘাটে এসে আমাদের মারধর করে। পরে সারা দিনের টোল আদায়ের প্রায় ৫০ হাজার টাকা ছিনিয়ে নিয়ে আমাদের বের করে দেয়।

তিনি জানান, সেনাবাহিনী ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর পরও দখলকারীরা পুনরায় হামলা চালালে নিরাপত্তার কারণে তারা সরে যেতে বাধ্য হন।

 

ইজারাদার শিবু লাল দাস জানান, জেলা পরিষদের মাধ্যমে তিনি বৈধভাবে খেয়াঘাটের ইজারা পেয়েছেন, যা ৩০ চৈত্র পর্যন্ত কার্যকর। কিন্তু দখলকারীরা হামলা চালিয়ে টোলের টাকা ছিনিয়ে নিয়ে ঘাট দখল করেছে। প্রশাসনকে অবহিত করা হলেও এখনো কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি বলে অভিযোগ করেন তিনি।

 

এ ঘটনায় গলাচিপা ছাত্রঅধিকার পরিষদের তরিকুল ইসলামের সম্পৃক্ততার অভিযোগ উঠলেও তিনি তা অস্বীকার করে বলেন, ঘটনার সময় তিনি অন্য একটি খেয়াঘাটে ব্যস্ত ছিলেন।

 

গলাচিপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জিল্লুর রহমান বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ মোতায়েন করা হয়েছে, যাতে সাধারণ মানুষের পারাপারে বিঘ্ন না ঘটে। খেয়াঘাটের টোল আদায়ের বিষয়টি জেলা পরিষদের অধীন।

 

জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. কামরুল হাসান (সোহেল) জানান, ইজারাদার বৈধভাবে টোল আদায় করছেন। দখলের বিষয়টি স্থানীয় সংসদ সদস্য, প্রতিমন্ত্রী, জেলা প্রশাসন ও পুলিশ যৌথভাবে সমাধান করবে।

 

প্রতিমন্ত্রী মো. নুরুল হক নুর সাংবাদিকদের বলেন, যারা আমার নাম ব্যবহার করে আইনের বাইরে কাজ করেছে, তাদের দায় আমি নেব না। আইন সবার জন্য সমান।

বাংলাদেশ সময়: ১৬:২২:৩৫ ● ২৮ বার পঠিত