বুধবার ● ১৮ মার্চ ২০২৬
আমতলীতে হত্যা চেষ্টা মামলার প্রধান আসামী গ্রেপ্তার
হোম পেজ » বরগুনা » আমতলীতে হত্যা চেষ্টা মামলার প্রধান আসামী গ্রেপ্তার

সাগরকন্যা প্রতিবেদক, আমতলী (বরগুনা)
বরগুনার আমতলী উপজেলার চালিতাবুনিয়া গ্রাম থেকে হত্যা চেষ্টা মামলার প্রধান আসামী মোঃ ইউসুফ মুসুল্লীকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার সকালে তাকে গ্রেপ্তার করা হয় এবং বিকেলে আমতলী সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়েছে।
মামলা সূত্রে জানা গেছে, ২০২১ সালে জাকির হোসেন গাজী চালিতাবুনিয়া গ্রামের আজিজ মুসুল্লীর কাছ থেকে ১০ শতাংশ জমি ক্রয় করে বসতবাড়ি নির্মাণ করেন। এরপর থেকেই ইউসুফ মুসুল্লী, আজিজ মুসুল্লী ও তাদের সহযোগীরা ওই জমি দখলের উদ্দেশ্যে জাকির হোসেন গাজীকে বিভিন্নভাবে হয়রানি করে আসছিল।
গত ২৩ ফেব্রুয়ারি জাকির হোসেন গাজীর পাঁচটি হাঁস আজিজ মুসুল্লীর ধানক্ষেতে প্রবেশ করলে এ ঘটনাকে কেন্দ্র করে আজিজ মুসুল্লী, ইউসুফ মুসুল্লী ও তাদের লোকজন জাকির হোসেন গাজী, তার ছেলে রাকিবুল ইসলাম গাজী ও স্ত্রী নাজমা বেগমকে লোহার রড দিয়ে পিটিয়ে গুরুতর জখম করে।
এ ঘটনায় ২৬ ফেব্রুয়ারি আহত জাকির হোসেন গাজীর স্ত্রী নাজমা বেগম ইউসুফ মুসুল্লীকে প্রধান আসামী করে পাঁচজনের বিরুদ্ধে আমতলী সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হত্যা চেষ্টা মামলা দায়ের করেন। আদালতের বিচারক মোঃ ইফতি হাসান ইমরান মামলাটি আমলে নিয়ে আমতলী থানার ওসিকে এজাহার হিসেবে গ্রহণ করে আইনগত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন।
ঘটনার ২৩ দিন পর বুধবার সকালে মামলার প্রধান আসামী ইউসুফ মুসুল্লীকে গ্রেপ্তার করে পুলিশ এবং বিকেলে আদালতে পাঠায়।
ভুক্তভোগী জাকির হোসেন গাজী বলেন, ইউসুফ মুসুল্লীর নির্যাতনে আমার বাড়িতে বসবাস করাই কষ্টকর হয়ে পড়েছে। পুলিশ তাকে গ্রেপ্তার করায় কিছুটা নিরাপদ বোধ করছি। আমি তার কঠোর শাস্তি দাবি করছি।
আমতলী থানার ওসি মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন জানান, আসামীকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে।
বাংলাদেশ সময়: ১৯:৫০:৪১ ● ৩০ বার পঠিত
