বুধবার ● ১৮ মার্চ ২০২৬

সাংবাদিককে হত্যার হুমকি তালতলীতে জমি দখলচেষ্টা: শতাধিক সন্ত্রাসী এনে ঘর নির্মাণের অভিযোগ

হোম পেজ » বরগুনা » সাংবাদিককে হত্যার হুমকি তালতলীতে জমি দখলচেষ্টা: শতাধিক সন্ত্রাসী এনে ঘর নির্মাণের অভিযোগ
বুধবার ● ১৮ মার্চ ২০২৬


 

তালতলীতে জমি দখলচেষ্টা: শতাধিক সন্ত্রাসী এনে ঘর নির্মাণের অভিযোগ

সাগরকন্যা প্রতিবেদক, আমতলী (বরগুনা)

বরগুনার তালতলী উপজেলায় কোটি টাকার জমি দখলের ঘটনা ঘটেছে, যেখানে শতাধিক ভাড়াটিয়া সন্ত্রাসী এনে ওই ঘর নির্মাণ ও অস্ত্রের মহড়া দেওয়ার ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়েছে। একই ঘটনায় ভিডিও ধারণ করতে গেলে স্থানীয় এক সাংবাদিককে হত্যার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। বুধবার দুপুরে উপজেলার উপজেলা পরিষদের পূর্ব পাশে এ ঘটনা ঘটে।

 

জানা গেছে, উপজেলার বড়বগী মৌজার ৪৭০/৪৭১ নম্বর খতিয়ানের ৫ একর ১ শতাংশ জমি ১৯৭৫ সালে আব্দুল আজিজ দফাদার ক্রয় করেন। তার ছেলে রিপন দফাদার দাবি করেন, দীর্ঘ ৫১ বছর ধরে তারা জমিটি ভোগদখল করে আসছেন। তবে গত এক বছর ধরে রফিকুল ইসলাম মুন্সি ওই জমি নিজের দাবি করে দখলের চেষ্টা চালিয়ে আসছেন।

 

অভিযোগ রয়েছে, বুধবার দুপুরে রফিকুল ইসলাম মুন্সি শতাধিক ভাড়াটিয়া সন্ত্রাসী এনে জমিতে ঘর নির্মাণ শুরু করেন। এ সময় সন্ত্রাসীরা দেশীয় অস্ত্র নিয়ে মহড়া দিলে এলাকায় ভীতি ছড়িয়ে পড়ে। পরে খবর পেয়ে তালতলী থানা পুলিশ ও নৌবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তাদের উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা পালিয়ে যায়।

 

ঘটনার ভিডিও ধারণ করতে গেলে স্থানীয় সাংবাদিক সোহেল রানাকে মারধরের চেষ্টা ও হত্যার হুমকি দেওয়া হয় বলে অভিযোগ ওঠে। এ ঘটনায় তিনি বুধবার বিকেলে তালতলী থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন।

 

স্থানীয়দের অভিযোগ, রফিকুল ইসলাম মুন্সি এলাকায় প্রভাব খাটিয়ে জমি দখলে অভ্যস্ত এবং তার বিরুদ্ধে কেউ প্রতিবাদ করলে মিথ্যা মামলায় হয়রানি করা হয়।

 

স্থানীয় রিপন দফাদার বলেন, তার বাবার ক্রয়কৃত জমি দীর্ঘদিন ধরে তারা ভোগদখল করে আসছেন। হঠাৎ করে সন্ত্রাসী বাহিনী এনে জমি দখলের চেষ্টা এবং অস্ত্রের মহড়ায় এলাকায় আতঙ্ক সৃষ্টি হয়েছে।

 

অভিযোগ অস্বীকার করে রফিকুল ইসলাম মুন্সি সাগরকন্যার এ প্রতিবেদককে বলেন, জমিটি তার নিজস্ব এবং তিনি সেখানে ঘর নির্মাণ করছেন। সাংবাদিককে হুমকির বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, আমার কাজে বাধা দিলে কাউকে ছাড় দেই না।

 

সাংবাদিক সোহেল রানা বলেন, সন্ত্রাসী কর্মকাণ্ডের ভিডিও ধারণ করতে গেলে তাকে মারধরের চেষ্টা ও প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে।

 

তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুর রহমান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সাংবাদিকের সাধারণ ডায়েরির বিষয়ে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১৯:৪৩:২৪ ● ৫২ বার পঠিত