মঙ্গলবার ● ১৭ মার্চ ২০২৬
কুয়াকাটায় সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে হত্যার হুমকি, থানায় জিডি
হোম পেজ » গণমাধ্যম » কুয়াকাটায় সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে হত্যার হুমকি, থানায় জিডি

সাগরকন্যা প্রতিবেদক, কুয়াকাটা (পটুয়াখালী)
কুয়াকাটায় সংবাদ প্রকাশকে কেন্দ্র করে এক সাংবাদিককে হত্যার হুমকির অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী সাংবাদিক মোঃ বাচ্চু খলিফা মহিপুর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।
জিডি সূত্রে জানা যায়, বাচ্চু খলিফা দৈনিক দেশ রূপান্তর পত্রিকায় কুয়াকাটা প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করছেন। সম্প্রতি কুয়াকাটা পৌর শ্রমিক দলের সহ-সভাপতি জসিম মৃধা, পৌর মৎস্যজীবী দলের সাধারণ সম্পাদক মোঃ আবুসালে ফরাজী ও পৌর কৃষক দল নেতা আলমাসসহ কয়েকজনের বিরুদ্ধে সংবাদ প্রকাশের জেরে তারা ক্ষুব্ধ হন।
অভিযোগ রয়েছে, এরপর থেকেই একটি চক্র সামাজিক যোগাযোগ মাধ্যমে সাংবাদিক বাচ্চু খলিফাকে নিয়ে অপপ্রচার চালায় এবং বিভিন্নভাবে হুমকি দিতে থাকে। এমনকি তার ছবি ব্যবহার করে বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হচ্ছে বলেও জিডিতে উল্লেখ করা হয়েছে।
ভুক্তভোগীর অভিযোগ অনুযায়ী, মঙ্গলবার (১৭ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে কুয়াকাটার একটি আবাসিক হোটেলের সামনে উল্লেখিত ব্যক্তিরা বাচ্চু খলিফার হাত-পা কেটে ফেলা ও হত্যা করার হুমকি দেয়- এমন তথ্য তিনি সাক্ষীদের মাধ্যমে জানতে পারেন। এতে নিজের নিরাপত্তা নিয়ে শঙ্কিত হয়ে তিনি থানায় জিডি দায়ের করেন।
ভুক্তভোগী সাংবাদিক বাচ্চু খলিফা বলেন, সত্য প্রকাশের কারণে অভিযুক্তরা আমার ওপর ক্ষিপ্ত। তারা আমাকে একাধিকবার প্রাণনাশের হুমকি দিয়েছে। আমি বর্তমানে নিরাপত্তাহীনতায় ভুগছি।
অন্যদিকে অভিযোগ অস্বীকার করে অভিযুক্তদের একজন আলমাস বলেন, সাংবাদিক বাচ্চু আমার বিরুদ্ধে মিথ্যা সংবাদ প্রকাশ করেছে। এ বিষয়ে আমি কিছু কথা বলেছি ঠিক, তবে হত্যা বা গুরুতর কোনো হুমকি দেইনি।
কলাপাড়া প্রেসক্লাবের সাবেক সভাপতি প্রবীণ সাংবাদিক মেজবাহউদ্দিন মাননু বলেন, সংবাদ প্রকাশের কারণে কোনো সাংবাদিককে হুমকি দেওয়া অত্যন্ত উদ্বেগজনক। মতভিন্নতা থাকলে প্রতিবাদের সুযোগ রয়েছে, কিন্তু হুমকি দেওয়া কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এর বিরুদ্ধে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।
মহিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মহব্বত খান বলেন, বাচ্চু খলিফার একটি সাধারণ ডায়েরি গ্রহণ করা হয়েছে। বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
বাংলাদেশ সময়: ২৩:৪৩:৫৪ ● ৮৩ বার পঠিত
