মঙ্গলবার ● ১৭ মার্চ ২০২৬
মির্জাগঞ্জে ভিজিএফের ১৫০ কেজি চাল জব্দ, জরিমানা
হোম পেজ » লিড নিউজ » মির্জাগঞ্জে ভিজিএফের ১৫০ কেজি চাল জব্দ, জরিমানা

সাগরকন্যা প্রতিবেদক, মির্জাগঞ্জ (পটুয়াখালী)
পটুয়াখালীর মির্জাগঞ্জে ঈদুল ফিতর উপলক্ষে অসহায় ও দুস্থদের জন্য বরাদ্দকৃত সরকারি ভিজিএফের ১৫০ কেজি চাল জব্দ করেছে উপজেলা প্রশাসন। এ ঘটনায় মজুদ রাখার অপরাধে ১ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
মঙ্গলবার (১৭ মার্চ) সকালে উপজেলার দেউলী সুবিদখালী ইউনিয়নের সুবিদখালী বাজার এলাকায় অভিযান চালিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোছা. মলিহা খানম একটি চায়ের দোকান থেকে সরকারি সিলযুক্ত ৫ বস্তা চাল জব্দ করেন। দোকানটি সংশ্লিষ্ট এক নারী ইউপি সদস্যের মেয়ের জামাতার বলে জানা গেছে।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, ঈদ উপলক্ষে উপজেলার বিভিন্ন ইউনিয়নের দুস্থ পরিবারের মাঝে বিতরণের জন্য জনপ্রতি ১০ কেজি করে চাল বরাদ্দ দেওয়া হয়। তবে নির্ধারিত উপকারভোগীদের মধ্যে বিতরণ না করে চাল গোপনে মজুদ রাখার অভিযোগ পেয়ে অভিযান পরিচালনা করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. মলিহা খানম জানান, জব্দ করা চাল তালিকাভুক্ত উপকারভোগীদের মধ্যে বিতরণের জন্য ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের জিম্মায় দেওয়া হয়েছে এবং বিধি অনুযায়ী সংশ্লিষ্ট ব্যক্তিকে ১ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
এদিকে স্থানীয়দের অভিযোগ, উপকারভোগীদের বঞ্চিত করে চালগুলো বিক্রির উদ্দেশ্যে সেখানে মজুদ করা হয়েছিল।
অভিযোগ অস্বীকার করে সংশ্লিষ্ট নারী ইউপি সদস্য বলেন, উপকারভোগীরা নিয়ম অনুযায়ী চাল গ্রহণ করেছেন এবং তাকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে হেয় করা হয়েছে।
তবে চাল জব্দের ঘটনাকে কেন্দ্র করে অর্থ লেনদেনের অভিযোগও উঠেছে। সংশ্লিষ্ট ইউপি সদস্য দাবি করেন, সংবাদ প্রকাশ না করার আশ্বাসে স্থানীয় এক সাংবাদিক তার কাছ থেকে ১০ হাজার টাকা নিয়েছেন।
এ বিষয়ে ৪ নম্বর দেউলী সুবিদখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আনোয়ার খানের বক্তব্য জানতে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।
বাংলাদেশ সময়: ২২:২২:৩১ ● ৬১ বার পঠিত
