মঙ্গলবার ● ১৭ মার্চ ২০২৬
কুয়াকাটার লেম্বুর চরে কালবৈশাখী ঝড়ে ১৫ ব্যবসা প্রতিষ্ঠান তছনছ
হোম পেজ » লিড নিউজ » কুয়াকাটার লেম্বুর চরে কালবৈশাখী ঝড়ে ১৫ ব্যবসা প্রতিষ্ঠান তছনছ

সাগরকন্যা প্রতিবেদক, কুয়াকাটা (পটুয়াখালী)
কুয়াকাটা সমুদ্রসৈকতের লম্বুর বনে কালবৈশাখী ঝড়ে শুটকি, খাবার হোটেল, ঝিনুকের দোকান ও ফিশ ফ্রাইসহ অন্তত ১৫টি ব্যবসা প্রতিষ্ঠান লণ্ডভণ্ড হয়েছে। একই সঙ্গে ক্ষতিগ্রস্ত হয়েছে জেলে পল্লীর বসতঘরও। এতে প্রায় কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্তরা।
ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী নাসির জোমাদ্দার ও মহিবুল জোমাদ্দার বলেন, হঠাৎ ঝড় শুরু হতেই কিছু বুঝে ওঠার আগেই দোকান উড়ে যায় এবং বিপুল পরিমাণ মালামাল নষ্ট হয়। আরেক ব্যবসায়ী ছিদ্দিক মৃধা বলেন, ঘণ্টাখানেকের ঝড়ে সব শেষ হয়ে গেছে, এখন পরিবার চালানোই কঠিন হয়ে পড়েছে।
সোমবার (১৬ মার্চ) রাতে তারাবির নামাজ শেষে শবে কদরের ইবাদতে ব্যস্ত থাকার সময় আকস্মিক এ ঝড় শুরু হয়। ঘণ্টাব্যাপী তীব্র ঝড়ো বাতাসে সৈকতসংলগ্ন ক্ষুদ্র ব্যবসা প্রতিষ্ঠানগুলো তছনছ হয়ে যায়। এতে ৭টি দোকান সম্পূর্ণ দুমড়ে-মুচড়ে গেছে এবং বাকি প্রতিষ্ঠানগুলো আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে।
কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. কাউসার হামিদ জানান, ক্ষয়ক্ষতির বিষয়টি প্রশাসনের নজরে এসেছে। ইতোমধ্যে প্রাথমিক তালিকা তৈরির কাজ শুরু হয়েছে এবং যাচাই-বাছাই শেষে ক্ষতিগ্রস্তদের সহায়তার ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে স্থানীয় বিএনপি নেতারা ঘটনাস্থল পরিদর্শন করে ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণের কাজ করছেন বলে জানা গেছে।
বাংলাদেশ সময়: ১৫:২৮:২৩ ● ২৭ বার পঠিত
