রবিবার ● ১৫ মার্চ ২০২৬
নেছারাবাদে মাথাবিচ্ছিন্ন লাশের রহস্য উন্মোচন: গ্রেফতার ২
হোম পেজ » লিড নিউজ » নেছারাবাদে মাথাবিচ্ছিন্ন লাশের রহস্য উন্মোচন: গ্রেফতার ২

সাগরকন্যা প্রতিবেদক, নেছারাবাদ (পিরোজপুর)
পিরোজপুরের নেছারাবাদ উপজেলায় যুবকের মাথাবিচ্ছিন্ন লাশ উদ্ধারের ঘটনায় জড়িত দুইজনকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। নারী ও মাদকসংক্রান্ত বিরোধের জেরে পূর্বপরিকল্পিতভাবে এ হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
রবিবার (১৫ মার্চ) দুপুরে পিরোজপুর পুলিশ সুপারের কার্যালয়ে র্যাব–৮-এর সঙ্গে যৌথ প্রেস ব্রিফিংয়ে পুলিশ সুপার মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকী বিষয়টি জানান।
গ্রেফতারকৃতরা হলেন- বরিশালের কাশিপুর এলাকার আমির হোসেনের ছেলে তরিকুল ইসলাম ওরফে সম্রাট (৩৪) এবং পিরোজপুরের দুর্গাপুর এলাকার বাবুল হোসেন মাঝির ছেলে আবেদিন মাঝি ওরফে রাজু (৪২)। এদের মধ্যে সম্রাট বরিশালের একজন ওষুধ ব্যবসায়ী এবং রাজু পেশাদার মাদক কারবারি।
পুলিশ জানায়, গত শুক্রবার বিকেলে বরিশালের কাশিপুর এলাকার পরিমল চন্দ্র দাসের ছেলে ট্রাকচালক গোপাল চন্দ্র দাসকে (৪৫) মোটরসাইকেলে করে পিরোজপুরের নেছারাবাদ উপজেলার সমুদয়কাঠি ইউনিয়নের পূর্ব সারেংকাঠি গ্রামের সন্ধ্যা নদীর পাড়ে একটি ইটভাটার পাশে নিয়ে যায় রাজু ও সম্রাট। সেখানে পূর্বপরিকল্পিতভাবে গোপালকে হত্যা করে তার শরীর থেকে মাথা বিচ্ছিন্ন করে নদীতে ফেলে দেয় তারা।
পরে ওই দিন বিকেলে অজ্ঞাত পরিচয় হিসেবে মৃতদেহটি উদ্ধার করে নেছারাবাদ থানা পুলিশ। এ ঘটনায় নিহতের ভাই মানিক চন্দ্র দাস অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধে থানায় হত্যা মামলা দায়ের করেন।
পুলিশ সুপার জানান, হত্যার পর নিহতের মাথা ও হত্যায় ব্যবহৃত ধারালো ছুরি নদীতে ফেলে দেওয়ায় সেগুলো এখনো উদ্ধার করা সম্ভব হয়নি। তবে গ্রেফতারকৃতদের রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করলে হত্যাকাণ্ডের বিষয়ে আরও বিস্তারিত তথ্য জানা যাবে।
তিনি আরও জানান, ঘটনার পর পুলিশ র্যাবের সহযোগিতা চাইলে তথ্যপ্রযুক্তির সহায়তায় দ্রুত অভিযুক্তদের শনাক্ত করে গ্রেফতার করা হয়।
তদন্তে জানা যায়, ইটভাটার প্রবেশপথে থাকা সিসিটিভি ফুটেজে দেখা গেছে, ঘটনার দিন বিকেল তিনটার দিকে একটি মোটরসাইকেলে তিনজন ইটভাটায় প্রবেশ করে। গোপালকে হত্যার কিছু সময় পর একই মোটরসাইকেলে রাজু ও সম্রাট সেখান থেকে বেরিয়ে যায়।
ফুটেজ বিশ্লেষণ করে র্যাব সদস্যরা শনিবার দুপুর ২টার দিকে বরিশাল সদর উপজেলার কাশিপুর চৌমাথা এলাকার গণপাড়া থেকে সম্রাটকে এবং একই দিন রাত ৮টার দিকে বরিশাল নগরীর স্টিমারঘাট এলাকা থেকে রাজুকে গ্রেফতার করে। এ সময় হত্যাকাণ্ডে ব্যবহৃত মোটরসাইকেল ও একটি হাতুড়ি উদ্ধার করা হয়।
রোববার সকালে গ্রেফতারকৃতদের পিরোজপুর আদালতে পাঠানো হয়েছে।
সংবাদ সম্মেলনে র্যাব-৮-এর কোম্পানি কমান্ডার মোহাম্মাদ কামরুজ্জামানসহ পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ১৭:৫৭:৪০ ● ২৮ বার পঠিত
