বৃহস্পতিবার ● ১২ মার্চ ২০২৬

বরিশালে বিদেশ ফেরতদের জন্য কর্মসংস্থান নিশ্চিত করতে সরকারি উদ্যোগের আহ্বান

হোম পেজ » বরিশাল » বরিশালে বিদেশ ফেরতদের জন্য কর্মসংস্থান নিশ্চিত করতে সরকারি উদ্যোগের আহ্বান
বৃহস্পতিবার ● ১২ মার্চ ২০২৬


 

বরিশালে বিদেশ ফেরতদের জন্য কর্মসংস্থান নিশ্চিত করতে সরকারি উদ্যোগের আহ্বান

সাগরকন্যা প্রতিবেদক, বাবুগঞ্জ (বরিশাল)

বিদেশ ফেরত অভিবাসীদের পুনরায় কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি ও সামাজিকভাবে প্রতিষ্ঠিত করতে সরকারি দপ্তরগুলোর কার্যকর ভূমিকা রাখা প্রয়োজন বলে মন্তব্য করেছেন বরিশালের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. খায়রুল আলম সুমন। তিনি বৃহস্পতিবার (১২ মার্চ) বরিশাল জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।

 

ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের আয়োজনে এবং সুইজারল্যান্ড সরকারের অর্থায়নে বাস্তবায়িত ‘রিইন্টিগ্রেশন অফ মাইগ্র্যান্ট ওয়ার্কার্স ইন বাংলাদেশ’ প্রকল্পের আওতায় ‘প্রত্যাগত অভিবাসী কর্মীদের জন্য রেফারেল পথনির্দেশনা ও সেবা সংযোগ’ শীর্ষক কর্মশালায় জেলা প্রশাসক বলেন, বিদেশ ফেরত কর্মীদের পুনরায় কর্মসংস্থান নিশ্চিত করা সরকারি দায়িত্ব। তিনি আরও বলেন, লোভে পড়ে অবৈধ পথে বিদেশে না গিয়ে দক্ষতা অর্জন করে সঠিক প্রক্রিয়ায় যাওয়া যেমন জরুরি, তেমনি দেশে ফেরার পর তাদের সামাজিক ও অর্থনৈতিকভাবে প্রতিষ্ঠিত করতে সরকারি দপ্তরগুলোর কার্যকর ভূমিকা থাকা অত্যাবশ্যক।

 

কর্মশালায় সভাপতির বক্তব্যে বরিশালের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সুফল চন্দ্র গোলদার জানান, বিদেশ যাওয়ার সময় অনেকেই সহায়তা পেলেও দেশে ফেরার পর নানা সামাজিক ও আর্থিক চ্যালেঞ্জের মুখোমুখি হন। তাই তাদের পুনরেকত্রীকরণের ক্ষেত্রে ব্র্যাকের পাশাপাশি অন্যান্য প্রতিষ্ঠানকেও এগিয়ে আসতে হবে। বিশেষ অতিথির বক্তব্যে বরিশালের সিভিল সার্জন ডা. এস.এম. মনজুর-এ-এলাহী বলেন, প্রায় ৪৮ শতাংশ অভিবাসী মানসিক ট্রমা নিয়ে দেশে ফেরেন। সুতরাং পুনরেকত্রীকরণ প্রক্রিয়ায় তাদের মানসিক স্বাস্থ্যের উন্নয়নের বিষয়টি গুরুত্বপূর্ণ।

 

কর্মশালায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের ম্যানেজার মোহাম্মদ হোসেন খান। এছাড়া উপস্থিত ছিলেন জেলা মৎস্য কর্মকর্তা ড. মো. হাদিউজ্জামান, যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক মো. সাহাবুদ্দীন সরদার, সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক এ.কে.এম. আখতারুজ্জামান তালুকদার এবং জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের সহকারী পরিচালক এ কে এম সাহাবুদ্দিন আহমেদ। এছাড়া টিটিসি, বিসিক, প্রবাসী কল্যাণ ব্যাংক ও ইসলামী ব্যাংকসহ বিভিন্ন সংস্থার প্রতিনিধিরাও কর্মশালায় অংশ নেন।

 

উল্লেখ্য, ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রাম ২০০৬ সাল থেকে নিরাপদ অভিবাসন নিশ্চিতকরণ এবং বিদেশ ফেরত কর্মীদের টেকসই পুনরেকত্রীকরণে প্রশিক্ষণ, মনোসামাজিক সহায়তা ও অ্যাডভোকেসি কার্যক্রম পরিচালনা করে আসছে।

বাংলাদেশ সময়: ১৯:৫৬:১৭ ● ২৮ বার পঠিত