বৃহস্পতিবার ● ১২ মার্চ ২০২৬
পাথরঘাটায় জলবায়ু সহনশীল কাঁকড়া চাষে উৎপাদন উপকরণ বিতরণ
হোম পেজ » বরগুনা » পাথরঘাটায় জলবায়ু সহনশীল কাঁকড়া চাষে উৎপাদন উপকরণ বিতরণ

সাগরকন্যা প্রতিবেদক, পাথরঘাটা (বরগুনা)
টেকসই ও জলবায়ু সহনশীল জীবিকা উন্নয়নের লক্ষ্যে বরগুনার পাথরঘাটায় কাঁকড়া চাষীদের মাঝে উৎপাদন সহায়ক উপকরণ বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (১২ মার্চ) সকাল ১১টায় গ্রীন ক্লাইমেট ফান্ড (জিসিএফ)-এর অর্থায়নে এবং পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)-এর সহযোগিতায় বাস্তবায়িত আরএইচএল প্রকল্পের আওতায় কমিউনিটি ডেভেলপমেন্ট সেন্টার (কোডেক) বাস্তবায়নে চরদুয়ানী, কাঠালতলী ও পাথরঘাটা সদর ইউনিয়নের ২০ জন কাঁকড়া চাষীর মাঝে বিভিন্ন উৎপাদন সহায়ক উপকরণ বিতরণ করা হয়।
প্রতি উপকারভোগী সদস্য ১৮০ হাত সুপারির গড়া, ১টি ডিজিটাল মিটার স্কেল, ১টি পিএইচ ও এমোনিয়া টেস্ট কিট, ২০০ গজ বেষ্টনী জাল, ৬টি কাঁকড়ার খাঁচা, ১টি ফিড ট্রেসহ মোট ৯ আইটেমের উৎপাদন সহায়ক উপকরণ পেয়েছেন।
উপকরণ বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পাথরঘাটার সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. হাসিবুল হক, প্রকল্প সমন্বয়কারী আবু বকর ছিদ্দিক, এরিয়া ম্যানেজার আসাদুজ্জামান শেখ, পাথরঘাটা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক অমল তালুকদার এবং শফিকুল ইসলাম খোকন।
কাঁকড়া চাষি কৃষ্ণা রানী বলেন, আমি দীর্ঘদিন ধরে কাঁকড়া চাষ করি। কিন্তু আগে কোনো প্রশিক্ষণ পাইনি। প্রশিক্ষণসহ উপকরণ পেয়ে আমি কাঁকড়া চাষে আরও উৎসাহিত হয়েছি।
উপজেলা সমন্বয়কারী আবু বকর ছিদ্দিক জানান, এই উপকরণগুলো কাঁকড়া চাষীদের টেকসই ও বিজ্ঞানভিত্তিক চাষে সহায়তা করবে। স্থানীয় জলবায়ুগত চ্যালেঞ্জ মোকাবেলায় কাঁকড়া চাষ একটি সম্ভাবনাময় বিকল্প জীবিকা হিসেবে কাজ করছে। সহায়তা উপকূলীয় জনগোষ্ঠীর আয় বৃদ্ধির পাশাপাশি জলবায়ু সহনশীল জীবিকা গড়ে তুলতেও অবদান রাখবে, যা আরএইচএল প্রকল্পের অন্যতম মূল লক্ষ্য।
সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. হাসিবুল হক বলেন, উপকূলে কাঁকড়া চাষ এখন লাভজনক ও টেকসই। প্রকল্পের আওতায় উপকূলীয় অঞ্চলের দরিদ্র জনগোষ্ঠীর মধ্যে জলবায়ু সহনশীল কাঁকড়া চাষে আগ্রহ বাড়ছে। এটি উপকূলীয় জনগণের জীবন ও জীবিকায় স্থায়িত্ব আনবে বলে আমি বিশ্বাস করি।
বাংলাদেশ সময়: ১৯:০৯:৫৩ ● ৩০ বার পঠিত
