বুধবার ● ১১ মার্চ ২০২৬
তালতলীতে বগীরদোনা খালের জীববৈচিত্র্য সংরক্ষণে কমিটি গঠন
হোম পেজ » বরগুনা » তালতলীতে বগীরদোনা খালের জীববৈচিত্র্য সংরক্ষণে কমিটি গঠন

সাগরকন্যা প্রতিবেদক, বরগুনা
বরগুনার তালতলী উপজেলায় বগীরদোনা খালের জীববৈচিত্র্য সংরক্ষণ ও টেকসই ব্যবস্থাপনার লক্ষ্যে ১৯ সদস্যের জীববৈচিত্র্য সংরক্ষণ কমিটি গঠন করা হয়েছে।
বুধবার (১১ মার্চ) সকাল ১০টায় তালতলী উপজেলা মডেল মসজিদের হলরুমে সেন্টার ফর ন্যাচারাল রিসোর্স স্ট্যাডিজ (সিএনআরএস) এর ফিসনেট প্রকল্পের উদ্যোগে এ কমিটি গঠন সভা অনুষ্ঠিত হয়। সভায় বন বিভাগের সখিনা বিট কর্মকর্তা জুমেল খান সভাপতিত্ব করেন।
সভায় মৎস্যজীবী, সম্প্রদায়ভিত্তিক সংগঠন (সিবিও), বেসরকারি সংস্থা (এনজিও), স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, সাংবাদিক, শিক্ষক ও যুব প্রতিনিধিসহ বিভিন্ন পেশার অংশীজনদের সমন্বয়ে বগীরদোনা খাল ব্যবস্থাপনার জন্য কমিউনিটি-লেড মেরিন প্রোটেক্টেড এরিয়া বাস্তবায়নের লক্ষ্যে কমিটি গঠন করা হয়।
আলোচনা শেষে সাধারণ পরিষদের ২১ সদস্যের সম্মতিতে ১৯ সদস্যবিশিষ্ট একটি কার্যনির্বাহী পরিষদ গঠন করা হয়। এতে আবু সিদ্দিককে সভাপতি এবং মো. আবুল বাসারকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে।
সভায় প্রকল্প অফিসার (মেরিন প্রোটেকশন) মো. আরাফাত রহমান গঠনতন্ত্রের বিভিন্ন ধারা-উপধারা নিয়ে বিস্তারিত আলোচনা করেন।
সভাপতির বক্তব্যে বিট কর্মকর্তা জুমেল খান বলেন, এ কমিটি গঠনের মাধ্যমে স্থানীয় জেলেদের আর্থসামাজিক উন্নয়ন, টেকসই জীবিকা নিশ্চিতকরণ, জীববৈচিত্র্য ও প্রাকৃতিক সম্পদে প্রবেশাধিকার এবং জলাশয় ব্যবস্থাপনায় ইতিবাচক ভূমিকা রাখা সম্ভব হবে।
নবনির্বাচিত সভাপতি আবু সিদ্দিক বলেন, সিএনআরএসের এ উদ্যোগ বগীরদোনা খালের সংরক্ষণ ও সংস্কারের পাশাপাশি মৎস্যজীবীদের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আমরা সবাই মিলে দায়িত্ব যথাযথভাবে পালনের চেষ্টা করব।
সভায় আরও উপস্থিত ছিলেন সিবিডিপি’র প্রকল্প ব্যবস্থাপক মো. রিয়াজুল ইসলাম, সিএনআরএস ফিসনেট প্রকল্পের তালতলী উপজেলা সমন্বয়কারী যশোমন্ত মল্লিক, সিনিয়র ফিল্ড ফ্যাসিলিটেটর মো. মেহেদী হাসান, মো. আশরাফ হোসেনসহ সংশ্লিষ্টরা।
উল্লেখ্য, ফিসনেট প্রকল্পটি ওশান গ্র্যান্টস প্রোগ্রাম ও ইউকে ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্টের আর্থিক সহায়তায় এবং কনসোর্টিয়াম লিড সংস্থা উত্তরণের মাধ্যমে বাস্তবায়িত হচ্ছে।
বাংলাদেশ সময়: ১৫:৪৫:২২ ● ৩৭ বার পঠিত
