বুধবার ● ১১ মার্চ ২০২৬
কালকিনিতে দুই ক্লিনিকে ভ্রাম্যমাণ আদালত, জরিমানা ৩০ হাজার টাকা
হোম পেজ » ঢাকা » কালকিনিতে দুই ক্লিনিকে ভ্রাম্যমাণ আদালত, জরিমানা ৩০ হাজার টাকা

সাগরকন্যা প্রতিবেদক, মাদারীপুর
মাদারীপুরের কালকিনিতে দুটি বেসরকারি ক্লিনিকে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে বিভিন্ন অনিয়মের দায়ে মোট ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বুধবার (১১ মার্চ) সকাল ১১টার দিকে উপজেলার ভূরঘাটায় অবস্থিত নুর ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টার (নুর জেনারেল হাসপাতাল) এবং ডক্টরস ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টারে এ অভিযান পরিচালনা করা হয়। কালকিনি উপজেলা প্রশাসন ও উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার যৌথ উদ্যোগে অভিযানটি পরিচালিত হয়।
অভিযানে বিভিন্ন অনিয়মের দায়ে নুর ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টার (নুর জেনারেল হাসপাতাল)কে ২৫ হাজার টাকা এবং ডক্টরস ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টারকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানে উপস্থিত ছিলেন কালকিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফ উল আরেফিন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শাহ্তা জারাব সালেহীন, কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. ওয়াহিদুজ্জামান, উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর ইকরাম হোসেনসহ আনসার সদস্যরা।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শাহ্তা জারাব সালেহীন জানান, বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারগুলোর তদারকির অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়েছে। এ সময় দুটি ক্লিনিকে বিভিন্ন অনিয়মের দায়ে মোট ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। ভবিষ্যতে ক্লিনিকগুলোকে সঠিকভাবে পরিচালনার জন্য প্রয়োজনীয় নির্দেশনাও দেওয়া হয়েছে। তিনি জানান, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
বাংলাদেশ সময়: ১৫:০৬:১৩ ● ২৮ বার পঠিত
