মঙ্গলবার ● ১০ মার্চ ২০২৬
কলাপাড়ায় গৃহবধুকে খালের পানিতে চুবিয়ে হত্যাচেষ্টার অভিযোগ
হোম পেজ » পটুয়াখালী » কলাপাড়ায় গৃহবধুকে খালের পানিতে চুবিয়ে হত্যাচেষ্টার অভিযোগ

সাগরকন্যা প্রতিবেদক, কলাপাড়া (পটুয়াখালী)
পটুয়াখালীর কলাপাড়ায় রুবিনা আক্তার (৩৫) নামের এক গৃহবধুকে মুখ বেঁধে খালের পানিতে ফেলে হত্যার চেষ্টা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে তার শ্বশুর বাড়ির লোকজনের বিরুদ্ধে। মঙ্গলবার সকাল নয়টায় অজ্ঞান অবস্থায় রুবিনাকে খাল থেকে উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে ভর্তি করা হয়। ঘটনা ঘটে উপজেলার চম্পাপুর ইউনিয়নের চালিতাবুনিয়া গ্রামে।
হাসপাতালের বিছানায় কাঁদো কাঁদো কণ্ঠে রুবিনা আক্তার বলেন, বেশ কিছুদিন ধরে তার স্বামী ও শ্বশুর শহীদ হাওলাদারসহ পরিবারের অন্যান্য সদস্যদের মধ্যে পারিবারিক বিষয় নিয়ে বিরোধ চলছিল। তার চাচা শ্বশুর মনির আগেও তার স্বামীকে হত্যার হুমকি দিয়েছেন। ভোররাতে সেহরি খাওয়ার ও নামাজের জন্য ওজু করতে ঘরের বাইরে গেলে ৩-৪ জন তাকে পেছন থেকে তুলে মুখ বেঁধে খালে ফেলে এবং চুবিয়ে মারার চেষ্টা করে। এতে তিনি অজ্ঞান হয়ে পড়েন। তার স্বামী ও বাবার পরিবারের অভিযোগ, পূর্ব বিরোধের জেরে শ্বশুর বাড়ির লোকজন তাকে হত্যার উদ্দেশ্যে এ ঘটনা ঘটিয়েছে।
কলাপাড়া থানার পরিদর্শক (ওসি) রবিউল ইসলাম জানান, এ বিষয়ে লিখিত অভিযোগ পাওয়া গেছে এবং পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
বাংলাদেশ সময়: ১৭:৪২:৩৯ ● ২৯ বার পঠিত
