রবিবার ● ৮ মার্চ ২০২৬
বাবুগঞ্জের চাঁদপাশায় রমজানে ১৫০ দরিদ্র শিক্ষার্থী পরিবার পেলো নগদ সহায়তা
হোম পেজ » বরিশাল » বাবুগঞ্জের চাঁদপাশায় রমজানে ১৫০ দরিদ্র শিক্ষার্থী পরিবার পেলো নগদ সহায়তা

সাগরকন্যা প্রতিবেদক, বাবুগঞ্জ (বরিশাল)
নবম শ্রেণির শিক্ষার্থী জাকিয়া জানালেন, প্রতিবছর রমজান ও ঈদে শিক্ষা প্রতিষ্ঠান থেকে খাদ্যসামগ্রী পাই। এবছর নগদ অর্থ পেয়েছি। অন্তত এবার ঈদে বয়লার মুরগি আর চিনি-সেমাই কেনা নিয়ে চিন্তা করতে হবে না।
দেখা গেছে, দুখু মিয়ার মতো আরও কমপক্ষে ১৫০টি অসহায় শিক্ষার্থী পরিবারের মুখে স্বস্তির হাসি ফুটেছে। বরিশালের সদর উপজেলা ও বাবুগঞ্জ উপজেলার সীমান্তবর্তী লাকুটিয়া বাজার সংলগ্ন চাঁদপাশা হাইস্কুল ও কলেজ কর্তৃপক্ষ প্রতিবছরের মতো এবারও এই পরিবারের মাঝে নগদ অর্থ বিতরণ করেছেন।
প্রতিষ্ঠানের পাঁচ শতাধিক শিক্ষার্থীর মধ্যে বাছাই করা ১৫০টি দরিদ্র শিক্ষার্থী পরিবারকে এক হাজার টাকা করে নগদ অর্থ দেওয়া হয়েছে। সহায়তার এই উদ্যোগ বাস্তবায়নের জন্য ‘প্রগতি মানব কল্যাণ ট্রাস্ট, বরিশাল’ নামে একটি ফাউন্ডেশন প্রতিষ্ঠা করা হয়েছে।
রবিবার (৮ মার্চ) দুপুরে চাঁদপাশা হাইস্কুল ও কলেজের হলরুমে আয়োজিত ‘রমজানে আর্থিক সহায়তা কর্মসূচি-২০২৬’ অনুষ্ঠানে শিক্ষা প্রতিষ্ঠানের অধ্যক্ষ মোসাম্মৎ তাহমিনা আক্তারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের আজীবন দাতা সদস্য ও বরিশাল জেলা দক্ষিণ যুবদলের সাধারণ সম্পাদক এইচ এম তসলিম উদ্দিন।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, ২০২৩ সাল থেকে প্রতিষ্ঠানটিতে অসহায় শিক্ষার্থী পরিবারের মাঝে রমজান ও ঈদ উপলক্ষে সহায়তা কর্মসূচি চালু রয়েছে। আশা করি, এই মানবিক উদ্যোগ ধীরে ধীরে পুরো অঞ্চলে ছড়িয়ে পড়বে।
তিনি আরও জানান, ভবিষ্যতে আরও বেশি শিক্ষার্থী পরিবারকে এই সহায়তার আওতায় আনা হবে। বর্তমান সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমান দরিদ্র শিক্ষার্থীদের জন্য বিশেষ সুবিধা ঘোষণা করেছেন, সেই সহযোগিতার আওতায় মেধাবী শিক্ষার্থীরাও সহায়তা পাবেন।
অনুষ্ঠানে সহকারী অধ্যাপক মানিরুল ইসলামের সঞ্চালনায় উপস্থিত ছিলেন জেলা যুবদলের সহ-সভাপতি জাকির ফকির, বাবুগঞ্জ যুবদলের সদস্য সচিব ওবায়দুল হক, যুগ্ম আহ্বায়ক রাজিব হোসেন খানসহ শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও কর্মকর্তাবৃন্দ। নগদ অর্থ বিতরণে সার্বিক সহযোগিতা করেছেন শিক্ষা প্রতিষ্ঠানের আজীবন দাতা সদস্য অষ্ট্রেলিয়া প্রবাসী সৈয়দা নাহিদা আক্তার পরনা।
বাংলাদেশ সময়: ১৯:৫৬:৪১ ● ৩১ বার পঠিত
