রবিবার ● ৮ মার্চ ২০২৬
মির্জাগঞ্জে লোহারপুল ভেঙে মালবাহী অটোগাড়ি খালে, চালক আহত
হোম পেজ » পটুয়াখালী » মির্জাগঞ্জে লোহারপুল ভেঙে মালবাহী অটোগাড়ি খালে, চালক আহত

সাগরকন্যা প্রতিবেদক, মির্জাগঞ্জ (পটুয়াখালী)
পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলার কাকড়াবুনিয়া ইউনিয়নের মকুমা হাফিজিয়া নুরানী মাদ্রাসা সংলগ্ন আয়রন ব্রিজ (লোহার পুল) ভেঙে মালবোঝাই অটোগাড়ি খালে পড়ে গেছে। রবিবার (৮ মার্চ) দুপুর দুইটার দিকে ঘটে এ দুর্ঘটনায় অটো চালক আহত হয়েছেন। ব্রিজ ভেঙে পড়ায় মাদ্রাসার শিক্ষার্থী, মসজিদের মুসল্লিসহ সাধারণ মানুষের চলাচলে চরম দুর্ভোগ দেখা দিয়েছে।
প্রত্যক্ষদর্শী ও মাদ্রাসার সভাপতি মোঃ জলিল মোল্লা জানালেন, উপজেলা সদরস্থ সুবিদখালী সাপ্তাহিক বাজারের দিন স্থানীয় দোকানদার মোঃ শহিদ খাঁন মালামাল নিয়ে অটোগাড়িতে ব্রিজের উপর উঠেন। তখন ব্রিজের একাংশ ভেঙে খালে পড়ে যায়। এতে অটো চালক গুরুতর আহত হন এবং তার গাড়ি ভেঙে যায়। ব্রিজটির মাধ্যমে গাজিপুরা, বৈদ্যপাশা, পালিশাখালী, সোনাপুরা, মকুমা ও কাকড়াবুনিয়া গ্রামের লোকজন চলাচল করতেন। তিনি জানান, কয়েক মাস আগে ব্রিজটি মেরামত করা হয়েছিল, তবে তখন তা সম্পূর্ণভাবে দৃঢ় করা হয়নি।
কাকড়াবুনিয়া ৪ নং ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ হিরোন মোল্লা বলেন, লোহার পুলটি কয়েকদিন আগে উপজেলা এলজিইডি থেকে মেরামত করা হয়েছিল, কিন্তু মালবোঝাই অটোগাড়ি উঠলে তা ভেঙে পড়ে। ঈদের আগে যদি মেরামত না করা হয়, স্থানীয়দের ভোগান্তি বাড়বে।
উপজেলা সহকারী প্রকৌশলী মোঃ সোহাগ জানান, এ বছর উপজেলা এলজিইডি বিভাগ এ লোহারপুলে কোনো সংস্কার করেনি, তবে গত বছর কয়েকটি পুলের স্লিপার পরিবর্তন করা হয়েছিল জনসাধারণের চলাচলের সুবিধার জন্য।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোছাঃ মলিহা খানম বিষয়টি জেনেছেন এবং বলেন, ঈদের আগেই দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
বাংলাদেশ সময়: ১৯:৩৭:১২ ● ৪৮ বার পঠিত
