শনিবার ● ৭ মার্চ ২০২৬

নিবন্ধন না দিলে আন্দোলনের হুঁশিয়ারি: আমজনগণ পার্টির ইফতার মাহফিল

হোম পেজ » রাজনীতি » নিবন্ধন না দিলে আন্দোলনের হুঁশিয়ারি: আমজনগণ পার্টির ইফতার মাহফিল
শনিবার ● ৭ মার্চ ২০২৬


 

আমজনগণ পার্টির ইফতার মাহফিল

সাগরকন্যা নিজস্ব প্রতিবেদক

নির্বাচন কমিশন তাদের দলকে নিবন্ধন না দিলে রাজনৈতিক মিত্রদের নিয়ে রাজপথে আন্দোলনে নামার হুঁশিয়ারি দিয়েছে বাংলাদেশ আমজনগণ পার্টি। শনিবার (৭ মার্চ) রাজধানীর পুরানা পল্টনের হোটেল ফারসের চতুর্থ তলায় আয়োজিত দলের দোয়া ও ইফতার মাহফিলে এ হুঁশিয়ারি দেন নেতারা।

 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দলের আহ্বায়ক ড. রফিকুল আমিন। বক্তব্যে তিনি বলেন, রাষ্ট্রের ক্ষমতা জনগণের স্বার্থে ব্যবহার করতে হবে, ব্যক্তিগত স্বার্থে নয়। তিনি বলেন, জুলাই গণঅভ্যুত্থানের মূল চেতনা ছিল মানুষের ওপর অন্যায়-অবিচারের বিরুদ্ধে দাঁড়ানো। দেশের মানুষ এমন একটি রাজনৈতিক ও সাংস্কৃতিক পরিবেশ প্রত্যাশা করে, যেখানে রাষ্ট্র সত্যিকার অর্থেই জনগণের হবে। সরকারের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, খেটে খাওয়া কৃষক, শ্রমিক ও সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে দেশ পরিচালনা করতে হবে। শুধু ক্ষমতার পরিবর্তন নয়, মানুষের মন-মানসিকতার পরিবর্তনও জরুরি।

 

অনুষ্ঠানে দলের সদস্য সচিব ফাতিমা তাসনিম অভিযোগ করেন, নির্বাচন কমিশন ষড়যন্ত্র করে তাদের দলকে নিবন্ধন দেয়নি। তিনি বলেন, গত ১২ ফেব্রুয়ারির নির্বাচনে তাদের অংশগ্রহণের সুযোগও দেওয়া হয়নি। এর ফলে দেশের প্রায় তিন কোটি নেতাকর্মী ভোটদান থেকে বিরত থেকেছেন বলে দাবি করেন তিনি।

 

ফাতিমা তাসনিম বলেন, নির্বাচন কমিশনারদের সাম্প্রতিক কথাবার্তা ও আচরণে তারা বিস্মিত। তারা জনগণের সেবক- আর রাজনৈতিক দলের নিবন্ধন আইনি প্রক্রিয়া অনুযায়ী প্রদান করা তাদের দায়িত্ব। কিন্তু সব কাগজপত্র সঠিক থাকা সত্ত্বেও এবং গণবিজ্ঞপ্তি জারির পরও তাদের দলকে নিবন্ধন দেওয়া হয়নি বলে অভিযোগ করেন তিনি।

 

তিনি আরও বলেন, রাজনৈতিক পরিবেশ সুষ্ঠু রাখার স্বার্থে তারা এতদিন ধৈর্য ধারণ করেছেন। তবে নিবন্ধন না দিলে রাজনৈতিক বন্ধুদের নিয়ে রাজপথে আন্দোলনে নামার হুঁশিয়ারি দেন তিনি। ঈদের পর বৃহত্তর কর্মসূচি ঘোষণা করা হবে বলেও জানান।

 

বক্তারা বলেন, পবিত্র রমজান মাস মুসলমানদের জন্য সংযম, ধৈর্য, আত্মশুদ্ধি ও মানবতার শিক্ষা নিয়ে আসে। এই মাস মানুষকে ন্যায়, সত্য ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠায় কাজ করার অনুপ্রেরণা দেয়।

 

ইফতার মাহফিলে দলের কেন্দ্রীয় ও বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, সামাজিক ও রাজনৈতিক ব্যক্তিবর্গসহ গণ্যমান্য অতিথিরা উপস্থিত ছিলেন। শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

বাংলাদেশ সময়: ২৩:৫৩:০৭ ● ১৭ বার পঠিত