রবিবার ● ১ মার্চ ২০২৬

ইরানে হামলার প্রভাব এম্বাসিতে হটলাইন চালু, নিরাপদ আশ্রয়ের নির্দেশ

হোম পেজ » জাতীয় » ইরানে হামলার প্রভাব এম্বাসিতে হটলাইন চালু, নিরাপদ আশ্রয়ের নির্দেশ
রবিবার ● ১ মার্চ ২০২৬


মিডেলইস্টে বাংলাদেশিদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ-নুর

সাগরকন্যা প্রতিবেদক, পটুয়াখালী
শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নুরুল হক নুর বলেছেন, ইরানের হামলার ঘটনায় মিডেলইস্টে বসবাসরত বাংলাদেশি জনগোষ্ঠীর নিরাপত্তা নিয়ে সরকার চিন্তিত। তবে প্রধানমন্ত্রী আগেই বিষয়টি অনুধাবন করে প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছেন। রবিবার দুপুর সাড়ে বারোটায় পটুয়াখালী জেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের প্রধানদের সঙ্গে পরিচিতি ও মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

প্রতিমন্ত্রী জানান, পররাষ্ট্র মন্ত্রণালয়কে সমন্বয়ের নির্দেশ দেওয়া হয়েছে। প্রভাবিত দেশগুলোতে অবস্থানরত বাংলাদেশিদের নিরাপদ আশ্রয়ে নেওয়া, সতর্ক ও সচেতন করা-এ মুহূর্তে সেটিই সরকারের অগ্রাধিকার। এখন পর্যন্ত কোনো বাংলাদেশি নাগরিকের বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। তবে কুয়েতের একটি বিমানবন্দরে ড্রোন হামলায় চারজন বাংলাদেশি আহত হয়েছেন। এছাড়া দুবাইয়ে বাংলাদেশের প্রধান পরামর্শকের বাসভবনে ক্ষেপণাস্ত্র হামলার ঘটনা ঘটলেও তিনি অক্ষত রয়েছেন।

তিনি আরও জানান, মধ্যপ্রাচ্যগামী কয়েকটি ফ্লাইট সাময়িকভাবে বন্ধ হওয়ায় প্রায় সাড়ে ৮০০ যাত্রীর থাকার ব্যবস্থা করা হয়েছে। পরিস্থিতি বিবেচনায় কিছু এলাকায় চলাচল সীমিত হতে পারে উল্লেখ করে তিনি বলেন, সময় ও অর্থের চেয়ে জীবনের মূল্য বেশি-পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত ধৈর্য ধরতে হবে।

মিডেলইস্টে অবস্থানরত বাংলাদেশিদের উদ্দেশে প্রতিমন্ত্রী বলেন, সামরিক স্থাপনার নিকটবর্তী এলাকা এড়িয়ে চলতে, নিরাপদ স্থানে অবস্থান নিতে এবং প্রয়োজনীয় কাগজপত্র সঙ্গে রাখতে হবে। বড় কোনো সমস্যায় পড়লে সংশ্লিষ্ট দূতাবাসের হটলাইনে যোগাযোগ করার আহ্বান জানান তিনি।

সভায় জেলা প্রশাসক ড. মোহাম্মদ শহীদ হোসেন চৌধুরী ও পুলিশ সুপার আবু ইউসুফসহ প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পরে প্রতিমন্ত্রী ঢাকার উদ্দেশ্যে রওনা দেন। এর আগে তাকে প্রশাসনের পক্ষ থেকে গার্ড অব অনার প্রদান করা হয়।

এমই/এমআর

বাংলাদেশ সময়: ১৫:১১:১৪ ● ২৯ বার পঠিত