বুধবার ● ২৫ ফেব্রুয়ারী ২০২৬

ভোটের জেরে দাবি ভুক্তভোগীর আমতলীতে পেট্রোল ঢেলে দোকানে আগুনের অভিযোগ

হোম পেজ » বরগুনা » ভোটের জেরে দাবি ভুক্তভোগীর আমতলীতে পেট্রোল ঢেলে দোকানে আগুনের অভিযোগ
বুধবার ● ২৫ ফেব্রুয়ারী ২০২৬


 

আমতলীতে পেট্রোল ঢেলে দোকানে আগুনের অভিযোগ

সাগরকন্যা প্রতিবেদক, আমতলী (বরগুনা)

বরগুনার আমতলী উপজেলার সোনাখালী ব্রীজ সংলগ্ন এলাকায় তিনটি ব্যবসা প্রতিষ্ঠান এবং হলদিয়া ইউনিয়নের জুলেখার স্লুইজ সংলগ্ন এলাকায় আরও একটি ব্যবসা প্রতিষ্ঠানে দুর্বৃত্তদের দেওয়া আগুনে পুড়ে গেছে। মঙ্গলবার দিবাগত রাতে পৃথক স্থানে এ ঘটনা ঘটে। এতে মোট প্রায় ৩০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্তরা।

 

জানা গেছে, আঠারোগাছিয়া ইউনিয়নের সোনাখালী ব্রীজ সংলগ্ন এলাকায় রাশিদুল আকনের মুদিমনোহরী দোকান, আল আমিন ফার্মেসি ও স্বপন দাশের সেলুনে পেট্রোল ঢেলে আগুন দেওয়া হয় বলে অভিযোগ উঠেছে। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়লে স্থানীয়রা নিয়ন্ত্রণের চেষ্টা চালিয়ে ব্যর্থ হন। এতে তিনটি দোকান পুড়ে অন্তত ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানান ভুক্তভোগীরা।

 

একই রাতে হলদিয়া ইউনিয়নের জুলেখার স্লুইজ সংলগ্ন এলাকায় লতিফ হাওলাদারের মুদিমনোহরী ও কীটনাশক ওষুধের দোকানেও আগুন দেওয়া হয়। দোকানটিতে কোনো বিদ্যুৎ সংযোগ ছিল না বলে জানান তিনি। এতে তার অন্তত ২০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেন।

 

দোকান মালিক রাশিদুল আকন বলেন, দুর্বৃত্তরা পেট্রোল ঢেলে আমার দোকান পুড়িয়ে দিয়েছে। তিনি বলেন, জাতীয় সংসদ নির্বাচনে তিনি ও আল আমিনসহ কয়েকজন ইসলামী আন্দোলন বাংলাদেশ- এর প্রার্থীর পক্ষে ভোট দেন। এতে ক্ষিপ্ত হয়ে আঠারোগাছিয়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সভাপতি নাশির উদ্দিন ও তার সহযোগীরা তাদের মারধর করে দোকান বন্ধ করে দেন এবং পরে পেট্রোল দিয়ে আগুন দেন বলে অভিযোগ করেন তিনি। ঘটনার বিচার দাবি করেন রাশিদুল।

 

তবে অভিযোগ অস্বীকার করে আঠারোগাছিয়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি নাশির উদ্দিন বলেন, তাদের বিরুদ্ধে আনা অভিযোগ মিথ্যা। কে বা কারা আগুন দিয়েছে তা তিনি জানেন না। গত ১২ ফেব্রুয়ারি রাশিদুল আকন ও আল আমিনের সঙ্গে একটি পারিবারিক ঘটনা ঘটেছিল, যার সঙ্গে রাজনীতির কোনো সম্পর্ক নেই বলে তিনি দাবি করেন।

 

আমতলী ফায়ার সার্ভিসের ওয়ারহাউস ইন্সপেক্টর মো. হানিফ বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছার আগেই স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনেন। আগুন লাগার কারণ নিশ্চিত হওয়া যায়নি।

 

আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জাহাঙ্গির হোসেন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১৭:৪৩:০০ ● ২৯ বার পঠিত