শনিবার ● ২১ ফেব্রুয়ারী ২০২৬
মোংলা বন্দরে দেশের স্বার্থ প্রাধান্য পাবে: নৌপরিবহন মন্ত্রী
হোম পেজ » লিড নিউজ » মোংলা বন্দরে দেশের স্বার্থ প্রাধান্য পাবে: নৌপরিবহন মন্ত্রী

সাগরকন্যা প্রতিবেদক, মোংলা (বাগেরহাট)
নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম শনিবার মোংলা বন্দর পরিদর্শনের সময় বলেছেন, বিদেশের সাথে চুক্তি করার সময় আমাদের দেশের স্বার্থের ওপর সবকিছুর আগে গুরুত্ব দিতে হবে। দেশের স্বার্থ বিপরীত কোনো চুক্তি করা যাবে না। ভারতের সঙ্গে করা চুক্তিসহ সব চুক্তি আমাদের ন্যায্যতা অনুযায়ী পর্যালোচনা করা হবে। যদি কোনো চুক্তি দেশের জন্য ক্ষতিকর হয়, তা নিয়ম মেনে বাতিল করা সম্ভব।
মন্ত্রী বলেন, এই প্রক্রিয়া স্বচ্ছতা, জবাবদিহিতা ও দেশের স্বার্থের প্রতি দায়বদ্ধতার সঙ্গে করা হবে। মোংলা বন্দরের অনেক সক্ষমতা রয়েছে যা এখনও পুরোপুরি কাজে লাগানো হয়নি। আমরা সেই সম্ভাবনা কাজে লাগাতে চাই।
পরিদর্শনকালে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রী ড. শেখ ফরিদুল ইসলাম, নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব ড. নুরুন্নাহার চৌধুরী, মোংলা বন্দরের চেয়ারম্যান রিয়ার এডমিরাল শাহীন রহমান, সদস্য (হারবার ও মেরিন) কমডোর মোঃ শফিকুল ইসলাম সরকার, সদস্য (অর্থ) ও পরিচালক (প্রশাসন) কাজী আবেদ হোসেন, সদস্য (প্রকৌশল ও উন্নয়ন) ড. আনিসুর রহমান, পরিচালক (বোর্ড ও জনসংযোগ) কালাচাঁদ সিংহ, মোংলা পৌর বিএনপির সভাপতি মোঃ জুলফিবার আলীসহ উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
মন্ত্রী আরও বলেন, বন্দরের সক্ষমতা বাড়ানো এবং দেশের অর্থনীতি ও ব্যবসায়ের স্বার্থে প্রতিটি পদক্ষেপ নেওয়া হবে।
পরিদর্শনের আগে তিনি বন্দরের কর্মকর্তাদের সঙ্গে বৈঠকও করেন।
বাংলাদেশ সময়: ১৯:০৭:৩৮ ● ২৬ বার পঠিত
