শনিবার ● ২১ ফেব্রুয়ারী ২০২৬

সুন্দরবনের করিম শরীফ বাহিনীর সদস্য আটক, অস্ত্র-গোলাবারুদ জব্দ

হোম পেজ » খুলনা » সুন্দরবনের করিম শরীফ বাহিনীর সদস্য আটক, অস্ত্র-গোলাবারুদ জব্দ
শনিবার ● ২১ ফেব্রুয়ারী ২০২৬


 

সুন্দরবনের করিম শরীফ বাহিনীর সদস্য আটক, অস্ত্র-গোলাবারুদ জব্দ

সাগরকন্যা প্রতিবেদক, বাগেরহাট

সাগরে মাছ ধরা বন্ধ রাখা জেলেদের জিম্মি করে মুক্তিপণ দাবি এবং ডাকাতির ঘটনায় জড়িত সুন্দরবনের করিম শরীফ বাহিনীর এক সক্রিয় সদস্যকে আটক করেছে কোস্ট গার্ড। শনিবার (২১ ফেব্রুয়ারি) সকালে কোস্ট গার্ড পশ্চিম জোনের সদর দপ্তরে এক প্রেস ব্রিফিংয়ে বিসিজিএস অপরাজেয় বাংলা নির্বাহী কর্মকর্তা লেফটেন্যান্ট খালিদ সাইফুল্লাহ এই তথ্য জানান।

 

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, বাহিনীর সদস্যরা সুন্দরবনের শ্যালা নদী সংলগ্ন মূর্তির খাল ও তৈয়বের খাল এলাকায় অবস্থান করছিল। গত ২০ ফেব্রুয়ারি বিকেল ৪টায় মোংলা বেইস ও নলিয়ান আউটপোস্টের যৌথ বিশেষ অভিযান চালিয়ে ওই এলাকা থেকে ৪টি একনলা বন্দুক, ১টি ওয়ান শুটার গান, ১৭ রাউন্ড তাজা গুলি এবং ১০ রাউন্ড ফাঁকা গুলি জব্দ করা হয়। এ সময় ২৫ বছর বয়সী বাদশা শেখকে আটক করা হয়।

 

আটককৃত বাদশা শেখ বাগেরহাট জেলার রামপাল থানার বাসিন্দা। কোস্ট গার্ড জানায়, সে দীর্ঘদিন ধরে ডাকাত বাহিনীর সঙ্গে যুক্ত থেকে দলকে অস্ত্র, গোলাবারুদ ও রসদ সরবরাহ করছিল। জব্দকৃত আলামত ও আটককৃতকে মোংলা থানায় হস্তান্তর করা হয়েছে।

 

তিনি আরও জানান, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সময় কোস্ট গার্ড সদস্যদের দায়িত্ব পালনকে কাজে লাগিয়ে কিছু অসাধু চক্র সুন্দরবনে সক্রিয় হওয়ার চেষ্টা করেছে। তবে সুন্দরবনকে দস্যুমুক্ত করতে কোস্ট গার্ড বিশেষ সাঁড়াশি অভিযান শুরু করেছে এবং ইতোমধ্যেই ডাকাত বাহিনীর ৫টি আস্তান ধ্বংস করা হয়েছে। তিনি দাবি করেন, সুন্দরবন দস্যুমুক্ত রাখার জন্য অভিযান অব্যাহত থাকবে।

বাংলাদেশ সময়: ১৯:০৩:৪২ ● ২১ বার পঠিত