শুক্রবার ● ২০ ফেব্রুয়ারী ২০২৬
বাউফলে নৃশংস হত্যার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল
হোম পেজ » লিড নিউজ » বাউফলে নৃশংস হত্যার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

সাগরকন্যা প্রতিবেদক, বাউফল (পটুয়াখালী)
পটুয়াখালীর বাউফল উপজেলার আদাবাড়িয়া ইউনিয়নে মো. শাকিল মৃধাকে (২৫) হাত-পা বেঁধে নির্মমভাবে হত্যা করার ঘটনায় স্থানীয়রা দ্রুত গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে বিক্ষোভ মিছিল-মানববন্ধন করেছে।
শুক্রবার (২০ ফেব্রুয়ারি) বিকেল ৪টায় মিলঘর সড়কে ঘণ্টাব্যাপী মানববন্ধন অনুষ্ঠিত হয়। পরে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে ইউনিয়নের গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ করে একই স্থানে শেষ হয়। মানববন্ধনে বক্তারা বলেন, এটি একটি নৃশংস ও পরিকল্পিত হত্যাকাণ্ড। শাকিলকে যেভাবে হাত-পা বেঁধে হত্যা করা হয়েছে, তা পুরো এলাকাবাসীকে আতঙ্কিত করেছে। আমরা এ ঘটনার সুষ্ঠু ও দ্রুত বিচার চাই। অবিলম্বে হত্যাকারীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। অন্যথায় বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে।
পুলিশ জানায়, গত সোমবার (১৬ ফেব্রুয়ারি) বিকেলে মিলঘর এলাকার একটি পুকুর থেকে হাত-পা বাঁধা অবস্থায় শাকিলের ভাসমান মরদেহ উদ্ধার করা হয়। তিনি মিলঘর এলাকার ‘মুন পরিবহন’ ও ‘চেয়ারম্যান পরিবহন’-এর টিকিট কাউন্টার পরিচালনা করতেন। নিহত শাকিল একই ইউনিয়নের মহাশ্রাদ্ধী গ্রামের মৃত সোবহান মৃধার ছেলে।
নিহতের বড় ভাই অ্যাডভোকেট সিদ্দিকুর রহমান বাদী হয়ে বাউফল থানায় অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেছেন। বাউফল থানার পরিদর্শক (ওসি) মোহাম্মদ সিদ্দিকুর রহমান জানান, ঘটনার পরপরই মামলা নেওয়া হয়েছে। ইতোমধ্যে একজনকে আটক করা হয়েছে। জড়িতদের চিহ্নিত করে দ্রুত গ্রেফতার চেষ্টা চলছে।
বাংলাদেশ সময়: ১৯:১০:৩০ ● ৯০ বার পঠিত
