শুক্রবার ● ২০ ফেব্রুয়ারী ২০২৬

রমজান আত্মশুদ্ধি ও রহমত লাভের সুবর্ণ সুযোগ: ছারছীনার পীর

হোম পেজ » ইসলামী জীবন » রমজান আত্মশুদ্ধি ও রহমত লাভের সুবর্ণ সুযোগ: ছারছীনার পীর
শুক্রবার ● ২০ ফেব্রুয়ারী ২০২৬


 

রমজান আত্মশুদ্ধি ও রহমত লাভের সুবর্ণ সুযোগ: ছারছীনার পীর

সাগরকন্যা প্রতিবেদক, আমতলী (বরগুনা)

পবিত্র মাহে রমজান রহমত, মাগফেরাত ও নাজাতের মাস উল্লেখ করে মাওলানা শাহ্ আবু নছর নেছারুদ্দীন আহমদ হুসাইন বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিনের রহমত লাভে সর্বদা শোকরগুজার থাকা এবং রাসূলুল্লাহ (সা.)-এর সুন্নতের ওপর দায়েম ও কায়েম থাকা আবশ্যক। তিনি বলেন, যারা শোকরগুজারি পরিহার করে নাফরমানিতে লিপ্ত হয় এবং সুন্নতের অনুসরণকে তুচ্ছতাচ্ছিল্য করে, তাদের ওপর থেকে আল্লাহর রহমত দূরে সরে যায়। তাই প্রকৃত মুমিনরা আল্লাহর রহমতপ্রাপ্ত ব্যক্তিদের সঙ্গ গ্রহণ করে।

 

আজ শুক্রবার (২০ ফেব্রুয়ারি) বাদ জুমা বরগুনার আমতলী উপজেলার আমড়াগাছিয়া খানকায়ে ছালেহিয়া কমপ্লেক্সে আয়োজিত তিনদিনব্যাপী ঈছালে ছওয়াব ওয়াজ মাহফিলের শেষদিন আখেরি মুনাজাতের আগে তিনি এসব কথা বলেন। মাহফিলটি আয়োজন করা হয় আল্লামা শাহ্ সুফী নেছারুদ্দীন আহমদ-এর ৭৪তম, মাওলানা আবু জাফর মোহাম্মদ ছালেহ-এর ৩৬তম এবং মাওলানা মোহাম্মদ মোহেব্বুল্লাহ-এর ২য় ইন্তেকালবার্ষিকী উপলক্ষে।

 

পীর ছাহেব বলেন, সিয়াম সাধনা নফসের কামনা-বাসনা থেকে মুক্ত থাকার প্রশিক্ষণের সুবর্ণ সুযোগ। আল্লাহর নৈকট্য লাভে বেশি বেশি নেক আমলে মনোনিবেশের আহ্বান জানিয়ে তিনি বলেন, হাশরের ময়দানে ধন-সম্পদ বা সন্তান-সন্ততি কোনো কাজে আসবে না; কেবল আল্লাহভীরু পবিত্র হৃদয়ই মুক্তির কারণ হবে। তিনি রাসূলুল্লাহ (সা.)-এর সঙ্গে হাশর নসিবের জন্য দোয়া করার আহ্বান জানান।

 

তিনদিনব্যাপী মাহফিলে প্রতিদিন বাদ ফজর ও বাদ মাগরিব জিকিরের তা’লীম পরিচালনা করেন পীর ছাহেব। এছাড়া তাঁর সফরসঙ্গী ও ছেলসেলার ওলামায়ে কেরাম বিষয়ভিত্তিক আলোচনা করেন।

 

আখেরি মুনাজাতে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর সার্বিক কল্যাণ ও শান্তি কামনা করা হয়। এ সময় নিজেদের গুনাহ মাফের জন্য মহান আল্লাহর দরবারে রোনাজারি করেন উপস্থিত মুসল্লিরা। লাখো মানুষের ‘আমিন, আমিন’ ধ্বনিতে মাহফিল প্রাঙ্গণ মুখরিত হয়ে ওঠে।

বাংলাদেশ সময়: ১৮:৫৯:৫৮ ● ৪২ বার পঠিত