শুক্রবার ● ২০ ফেব্রুয়ারী ২০২৬
শার্শার সাড়ে চার লাখ মানুষের প্রতিনিধি হতে চান এমপি আজিজুর রহমান
হোম পেজ » খুলনা » শার্শার সাড়ে চার লাখ মানুষের প্রতিনিধি হতে চান এমপি আজিজুর রহমান

সাগরকন্যা প্রতিবেদক, বেনাপোল (যশোর)
শার্শা উপজেলার নাভারণ সাতক্ষীরা মোড়ে শুক্রবার (২০ ফেব্রুয়ারি) সকাল ৯টায় নবনির্বাচিত সংসদ সদস্য মাওলানা আজিজুর রহমানকে গণসংবর্ধনা দেওয়া হয়েছে। ‘শার্শা উপজেলাবাসী’ ব্যানারে আয়োজিত এ সংবর্ধনায় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
গণসংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফারুক হাসান, আমির, শার্শা উপজেলা শাখা, বাংলাদেশ জামায়াতে ইসলামী; সঞ্চালনা করেন উপজেলা সেক্রেটারি জাহাঙ্গীর আলম। উপস্থিত ছিলেন যশোর জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি রেজাউল করীম, বেনাপোল পোর্ট থানা আমির রেজাউল ইসলাম, সেক্রেটারি মাওলানা ইউসুফ আলীসহ উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মীরা।
প্রধান অতিথির বক্তব্যে মাওলানা আজিজুর রহমান পুলিশ, প্রশাসন, সাংবাদিক ও স্থানীয় জনতার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, সবার সহযোগিতায় ন্যায় ও ইনসাফের সঙ্গে একটি গ্রহণযোগ্য নির্বাচন সম্ভব হয়েছে। নির্বাচন-পূর্ব ও পরবর্তী সময়ে কিছু বিচ্ছিন্ন ঘটনা ঘটলেও অতীত ভুলে শান্তি ও উন্নয়নের পথে এগিয়ে যাওয়ার আহ্বান জানান তিনি।
নবনির্বাচিত এই এমপি বলেন, আমি কোনো দল, মত বা গোষ্ঠীর এমপি নই- আমি শার্শার সাড়ে চার লাখ মানুষের প্রতিনিধি। সে আওয়ামী লীগ, বিএনপি, জামায়াত বা জাতীয় পার্টি- যেই হোক; হিন্দু, মুসলিম, বৌদ্ধ বা খ্রিস্টান- সবাই সমানভাবে ন্যায়বিচার পাবে।
তিনি কৃষক, শ্রমিক ও ব্যবসায়ীদের স্বার্থ রক্ষায় কাজ করার অঙ্গীকার জানান।
চাঁদাবাজির বিষয়ে কঠোর অবস্থান জানিয়ে তিনি বলেন, শার্শার কোনো বাজার বা ঘাটে চাঁদাবাজি চলবে না। কেউ অপচেষ্টা করলে প্রশাসনকে নির্দেশ দেওয়া হবে কঠোর ব্যবস্থা নিতে। উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সবার সহযোগিতা কামনা করেন তিনি।
বাংলাদেশ সময়: ১৮:৫০:৫৭ ● ১৭ বার পঠিত
