রবিবার ● ১৫ ফেব্রুয়ারী ২০২৬
তারেক রহমানের কাছে জবাব দাবি বাগেরহাটে ছাত্রশিবিরের বিক্ষোভ
হোম পেজ » খুলনা » তারেক রহমানের কাছে জবাব দাবি বাগেরহাটে ছাত্রশিবিরের বিক্ষোভ

সাগরকন্যা প্রতিবেদক, বাগেরহাট
দেশব্যাপী হত্যা, ধর্ষণ, সন্ত্রাস ও ভিন্ন দলের সমর্থকদের ওপর হামলার প্রতিবাদে বাগেরহাটে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ছাত্রশিবির। রবিবার (১৫ ফেব্রুয়ারি) বিকেলে কর্মসূচিতে বক্তারা এসব ঘটনার জন্য বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের জবাব দাবি করেন এবং দায়ীদের বিচারের আহ্বান জানান।
বিকেলে নতুন কোর্টের সামনে থেকে মিছিলটি শুরু হয়ে শহরের দশানি সার্কিট হাউসের সামনে গিয়ে শেষ হয়। সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বাগেরহাট জেলা ছাত্রশিবিরের সভাপতি হাফেজ মোরশেদ আলম বলেন, ১২ ফেব্রুয়ারির পর থেকে সারাদেশে হত্যা, ধর্ষণ, সন্ত্রাস ও তাদের নেতাকর্মী-সমর্থক এবং নারীদের ওপর হামলার ঘটনা বেড়েছে। তিনি অভিযোগ করেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর বাগেরহাটসহ দেশের বিভিন্ন এলাকায় সহিংসতা ঘটছে। শরণখোলায় তাদের একাধিক কর্মীকে কুপিয়ে জখম এবং সদরে বিরোধী দলের এক সমর্থককে কুপিয়ে হত্যার অভিযোগও তোলেন তিনি। এসব বন্ধ না হলে ছাত্রজনতা কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবে বলেও জানান।
মিছিলে অংশ নেওয়া নেতাকর্মীরা বিভিন্ন স্লোগান দেন। স্লোগানে বলা হয়, ‘আমার ভাই মরলো কেন, তারেক রহমান জবাব চাই’, ‘আমার বোন ধর্ষিতা কেন, তারেক রহমান জবাব চাই’ এবং ‘খুন, ধর্ষণ, সন্ত্রাস কেন, তারেক রহমান জবাব চাই’।
বিক্ষোভে সভাপতিত্ব করেন হাফেজ মোরশেদ আলম। উপস্থিত ছিলেন বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রশিবিরের সাবেক সভাপতি আমিনুল ইসলাম, ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু)-এর কার্যনির্বাহী সদস্য বেলাল হোসাইন আপু, জেলা ছাত্রশিবিরের সেক্রেটারি আহমেদ আব্দুল্লাহসহ বিভিন্ন উপজেলা পর্যায়ের নেতাকর্মীরা।
বাংলাদেশ সময়: ২১:০৭:৫৭ ● ১৪ বার পঠিত
