রবিবার ● ১৫ ফেব্রুয়ারী ২০২৬
বাউফলে চাঁদাবাজির অভিযোগে ব্যবসায়ীদের সংবাদ সম্মেলন ও বিক্ষোভ
হোম পেজ » লিড নিউজ » বাউফলে চাঁদাবাজির অভিযোগে ব্যবসায়ীদের সংবাদ সম্মেলন ও বিক্ষোভ

সাগরকন্যা প্রতিবেদক, বাউফল (পটুয়াখালী)
পটুয়াখালীর বাউফল উপজেলায় সিহাব সিকদার (৪৫) নামে এক ব্যক্তির বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ তুলে ব্যবসায়ীরা ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রেখে সংবাদ সম্মেলন ও বিক্ষোভ মিছিল করেছে। রবিবার (১৫ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার কাচিপাড়া ইউনিয়নের বাহেরচর বাজারে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
সিহাব সিকদার কাচিপাড়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি তৈয়বুর রহমানের ছেলে।
বাহেরচর বাজার কমিটির সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন বলেন, হাসিনা সরকারের পতনের পর সিহাব সিকদার চাঁদাবাজিসহ নানা অপকর্মে জড়িত হয়ে ব্যবসায়ী ও সাধারণ মানুষকে অতিষ্ঠ করে তুলেছেন। এ বিষয়ে সংশ্লিষ্ট প্রশাসনের কাছে অভিযোগ দেওয়া হলেও এখনো কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। দ্রুত সময়ের মধ্যে তাকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান ব্যবসায়ীরা।
স্থানীয় দিপু খন্দকার বলেন, সিহাব সিকদার চর দখল করে সেখানে ঘাস বিক্রি, বাজারের জায়গা দখলসহ বিভিন্ন কর্মকাণ্ডে জড়িত বলে অভিযোগ রয়েছে। নতুন বাংলাদেশে সব ধরনের অন্যায়ের হাত থেকে রক্ষা পেতে চান তারা।
অভিযোগ অস্বীকার করে সিহাব সিকদার এ প্রতিবেদককে বলেন, যারা তার বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছেন, তারাই এলাকায় বিভিন্ন অপকর্মে জড়িত। তাদের বিরুদ্ধে অবস্থান নেওয়ায় পরিকল্পিতভাবে তার বিরুদ্ধে ষড়যন্ত্র করা হচ্ছে।
বাউফল থানার পরিদর্শক (তদন্ত) আতিকুল ইসলাম জানান, বিষয়টি খতিয়ে দেখে আইনগত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
বাংলাদেশ সময়: ১৯:০৯:২৮ ● ৩২ বার পঠিত
