রবিবার ● ১৫ ফেব্রুয়ারী ২০২৬
পিরোজপুর-২ আসনে ৫ প্রার্থীর জামানত বাজেয়াপ্ত
হোম পেজ » লিড নিউজ » পিরোজপুর-২ আসনে ৫ প্রার্থীর জামানত বাজেয়াপ্ত

সাগরকন্যা প্রতিবেদক, নেছারাবাদ (পিরোজপুর)
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পিরোজপুর-২ আসন (কাউখালী-ভান্ডারিয়া-নেছারাবাদ) থেকে প্রতিদ্বন্দ্বিতা করে প্রয়োজনীয় ভোটের সীমা অতিক্রমে ব্যর্থ হওয়ায় পাঁচজন প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হয়েছে। এ আসনে মোট সাতজন প্রার্থী নির্বাচনে অংশ নেন।
জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মো. আবু সাঈদ ভোট গণনা শেষে বেসরকারিভাবে ফলাফল ঘোষণা করেন। ঘোষিত ফলাফলে দেখা যায়, এ আসনে মূল প্রতিদ্বন্দ্বিতা হয় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও বাংলাদেশ জামায়াতে ইসলামি মনোনীত প্রার্থীর মধ্যে।
নির্বাচনী বিধান অনুযায়ী, কোনো প্রার্থী আসনের বৈধ মোট ভোটের এক-অষ্টমাংশের কম ভোট পেলে তার জামানত বাজেয়াপ্ত হয়। সে হিসেবে প্রয়োজনীয় ভোট না পাওয়ায় পাঁচজন প্রার্থীর জামানত বাতিল হয়েছে বলে নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে।
জামানত হারানো প্রার্থীরা হলেন- স্বতন্ত্র (ঘোড়া প্রতীক) মাহমুদ হোসেন, আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি) মনোনীত ফয়সাল খান, গণঅধিকার পরিষদ সমর্থিত আনিসুর রহমান, ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত মো. আবুল কালাম আজাদ এবং জাতীয় পার্টি (জেপি) মনোনীত মাহিবুল হোসেন।
এ আসনে বিএনপি মনোনীত প্রার্থী আহমেদ সোহেল মঞ্জুর সুমন বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন জামায়াতে ইসলামি মনোনীত প্রার্থী শামীম সাঈদী। বাকি পাঁচজন প্রার্থী নির্ধারিত ভোটসীমা অতিক্রমে ব্যর্থ হওয়ায় তাদের জামানত বাজেয়াপ্ত হয়েছে।
এ আসনে ১৬৭টি কেন্দ্রে মোট ভোটার সংখ্যা ছিল ৪,০৫,২৯৯ জন। মোট ভোট পড়ে ২,৩৫,২৩৭টি। এর মধ্যে বৈধ ভোটের সংখ্যা ছিল ২,৩০,২৩৮।
ধানের শীষ প্রতীকে আহমেদ সোহেল মঞ্জুর সুমন পেয়েছেন ১,০৫,১৮৫ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী দাড়িপাল্লা প্রতীকের শামীম সাঈদী পেয়েছেন ৯৬,৮৯৭ ভোট।
এ ছাড়া স্বতন্ত্র প্রার্থী মাহমুদ হোসেন পেয়েছেন ১৬,২১৯ ভোট, আমার বাংলাদেশ পার্টির ফয়সাল খান ৩৯০ ভোট, গণঅধিকার পরিষদের আনিসুর রহমান ১৪৫ ভোট, ইসলামী আন্দোলন বাংলাদেশের আবুল কালাম আজাদ ৬,৬৯৭ ভোট এবং জাতীয় পার্টির মাহিবুল হোসেন পেয়েছেন ৪,৭০৫ ভোট।
বাংলাদেশ সময়: ১০:৫১:৪৪ ● ২৬ বার পঠিত
