শুক্রবার ● ১৩ ফেব্রুয়ারী ২০২৬
নির্বাচন পরবর্তী সহিংসতা বাউফলে পাল্টাপাল্টি হামলা-ভাঙচুরে অন্তত ৫ আহত
হোম পেজ » পটুয়াখালী » নির্বাচন পরবর্তী সহিংসতা বাউফলে পাল্টাপাল্টি হামলা-ভাঙচুরে অন্তত ৫ আহত![]()
সাগরকন্যা প্রতিবেদক, বাউফল (পটুয়াখালী)
ভোট প্রদানকে কেন্দ্র করে পটুয়াখালীর বাউফল উপজেলার বিভিন্ন এলাকায় পাল্টাপাল্টি হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। শুক্রবার সকাল থেকে দুপুর পর্যন্ত এসব ঘটনায় অন্তত পাঁচজন আহত হয়েছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে উপজেলা যুবদলের আহ্বায়ক গাজী মো. গিয়াস উদ্দিনের ব্যবসা প্রতিষ্ঠান ও আয়নাবাজ কালাইয়া গ্রামের বিএনপি কর্মী মো. রমিজ দর্জি (৪০)-এর বসতঘরে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর করে জামায়াত-সমর্থকেরা। একই সময়ে কনকদিয়া ও মমিনপুর এলাকায় পৃথক সংঘর্ষের ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার অভিযোগে সকাল সোয়া ৯টার দিকে ডেকোরেটর ব্যবসায়ী মো. শাহআলম বিপ্লব (৪৬)-এর ব্যবসা প্রতিষ্ঠানে যুবদল কর্মী সুজনের নেতৃত্বে হামলা চালানো হয়। পরে একই দলবল নিয়ে মো. সেলিম (৫২) নামের এক কাঠ ব্যবসায়ীকে মারধর করা হয়।
এরপর হামলাকারীরা গাজী মো. গিয়াস উদ্দিনের বাসায় ঢোকার চেষ্টা করে। এ খবর ছড়িয়ে পড়লে জামায়াত-সমর্থিত কর্মী-সমর্থকেরা একত্রিত হয়ে গিয়াসের ব্যবসা প্রতিষ্ঠান ও দলীয় কার্যালয়ে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর ও বৈদ্যুতিক মালামাল লুটপাট করে। এ সময় তার বাসভবনের সামনে থাকা অন্তত ১০টি মোটরসাইকেল এবং একটি ফ্রিজ ও এসি ভাঙচুর করা হয়।
সকাল ৮টার দিকে কনকদিয়া ইউনিয়নের পশ্চিম বীরপাশা খায়েরবাজার এলাকায় বিএনপি কর্মী আলমগীর গাজী (৫৫) ও শাহাবুদ্দিন সরদার (৪৮)-কে পিটিয়ে জখম করা হয়। আহত দুজনকে বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
দুপুর ১টার দিকে কেশবপুর ইউনিয়নের মমিনপুর গ্রামে মো. ফিরোজ (৫৫) নামের জামায়াতের এক সমর্থককে পিটিয়ে ও কুপিয়ে আহত করার অভিযোগ উঠেছে বিএনপি কর্মী-সমর্থকদের বিরুদ্ধে। গুরুতর আহত ফিরোজকে বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
বাউফল থানার পরিদর্শক (তদন্ত) আতিকুল ইসলাম বলেন, কয়েকটি জায়গায় হামলা, ভাঙচুর ও মারধরের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। লিখিত অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
জামায়াতের বিজয়ী সংসদ সদস্য শফিকুল ইসলাম মাসুদ বলেন, প্রতিহিংসার রাজনীতি আমি পছন্দ করি না। কোনোভাবেই অন্যায়কে প্রশ্রয় দেওয়া হবে না। আমার কোনো কর্মী-সমর্থক জড়িত থাকলে তাদের বিরুদ্ধে দলীয় ও আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
বাংলাদেশ সময়: ১৬:৪০:৫৩ ● ২৮ বার পঠিত
