বুধবার ● ১১ ফেব্রুয়ারী ২০২৬

পটুয়াখালী-৩: মব তৈরি করে গ্রেপ্তার করলে গণআন্দোলন: হাসান মামুন

হোম পেজ » পটুয়াখালী » পটুয়াখালী-৩: মব তৈরি করে গ্রেপ্তার করলে গণআন্দোলন: হাসান মামুন
বুধবার ● ১১ ফেব্রুয়ারী ২০২৬


 

পটুয়াখালী-৩: মব তৈরি করে গ্রেপ্তার করলে গণআন্দোলন: হাসান মামুন

সাগরকন্যা প্রতিবেদক, গলাচিপা (পটুয়াখালী)

পটুয়াখালী-৩ (গলাচিপা-দশমিনা) আসনের বিএনপির ‘বিদ্রোহী’ প্রার্থী হাসান মামুন বলেছেন, মব সৃষ্টি করে নিরপরাধ নেতা-কর্মী ও সাধারণ ভোটারদের গ্রেপ্তার করা হলে দুর্বার গণআন্দোলন গড়ে তোলা হবে।

তিনি এসব মন্তব্য করেছেন মঙ্গলবার রাতে ব্যক্তিগত ফেসবুক পোস্টে। পোস্টে নুরুল হক নুরকে উদ্দেশ্য করে হাসান মামুন আরও উল্লেখ করেছেন, ‘নিজেদের ঘরে নিজেরাই আগুন দিয়ে রাজনৈতিক প্রতি পক্ষকে ফাঁসিয়ে নির্বাচনের মাঠ ছাড়া করার এটি অনেক পুরোনো ও অকেজো কৌশল।’

 

মঙ্গলবার রাতেই দশমিনা উপজেলায় নিজের নির্বাচনী কার্যালয়ে সংবাদ সম্মেলনে হাসান মামুন প্রতিপক্ষ ট্রাক প্রতীকের প্রার্থী নুরুল হক নুরের বিরুদ্ধে অভিযোগ তুলেছেন। তিনি বলেন, মনোনয়ন বঞ্চিত হয়ে তিনি বিএনপির কেন্দ্রীয় কমিটির পদ থেকে পদত্যাগ করে সাধারণ মানুষের মতো নির্বাচনে অংশ নিয়েছেন এবং দুই উপজেলার নেতা-কর্মীরা তাকে সমর্থন দিয়েছেন। তার কথায়, গত ৩০ বছরে এ আসনে বিএনপির কোনো প্রার্থী সংসদ সদস্য হতে পারেননি; তাই দলের অস্তিত্ব টিকিয়ে রাখাই ছিল তার মূল লক্ষ্য।

 

হাসান মামুন অভিযোগ করেছেন, নুরুল হক নুর বিএনপির কেন্দ্রীয় কমিটিকে প্রভাবিত করে তাকে ও স্থানীয় নেতা-কর্মীদের বহিষ্কার করান এবং সব কমিটি ভেঙ্গে নতুন কমিটি গঠন করেন। প্রতিকূলতার মধ্যেও তিনি সুষ্ঠু নির্বাচনের আশা রাখলেও নুর আচরণবিধি অমান্য করে প্রচারণা চালাচ্ছেন, আপত্তিকর বক্তব্য দিচ্ছেন, তার কর্মী-সমর্থকদের মারধর ও নির্বাচনী কার্যালয়ে হামলার ঘটনা ঘটাচ্ছেন এবং উল্টো তাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিচ্ছেন।

 

হাসান মামুন ফেসবুক পোস্টে জানিয়েছেন, কারও মবের ভয়ে প্রশাসন যদি অন্যায়ভাবে আমার নেতা-কর্মী বা সাধারণ ভোটারদের গ্রেপ্তার করে, তবে সংশ্লিষ্ট প্রশাসন বা সংস্থা, নির্বাচন কমিশন বা সরকারের বিরুদ্ধে আন্দোলন করা হবে।

 

এ বিষয়ে নুরুল হক নুরের নির্বাচনী সমন্বয়ক আবু নাঈম সাংবাদিকদের বলেন, হাসান মামুনের সংবাদ সম্মেলনে যা বক্তব্য প্রকাশ করেছেন, তা তার ব্যক্তিগত ও মনগড়া বক্তব্য; বাস্তবতার সঙ্গে এর কোনো মিল নেই।

 

উল্লেখ্য, মঙ্গলবার বিকেলে নুরুল হক নুর বিএনপি-সমর্থিত প্রার্থী হিসেবে হাসান মামুন ও তাঁর সমর্থকদের ওপর ধারাবাহিক হামলা, অগ্নিসংযোগ ও ভয়ভীতি দেখানোর অভিযোগ তুলে পটুয়াখালী জেলা প্রশাসক কার্যালয়ের সামনে সংবাদ সম্মেলন করেন এবং নির্বাচনী এলাকায় সহিংসতায় জড়িতদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেন।

এর আগে তিনি জেলা রিটার্নিং কর্মকর্তা ও পুলিশ সুপারের সঙ্গে সাক্ষাৎ করে অভিযোগ জানান।

বাংলাদেশ সময়: ১৮:৫২:৪৯ ● ৩১ বার পঠিত