সোমবার ● ৯ ফেব্রুয়ারী ২০২৬

ট্রাক মার্কায় ভোট চাইলেন নুরুল হক নুর, উন্নয়ন-সম্প্রীতির প্রতিশ্রুতি

হোম পেজ » পটুয়াখালী » ট্রাক মার্কায় ভোট চাইলেন নুরুল হক নুর, উন্নয়ন-সম্প্রীতির প্রতিশ্রুতি
সোমবার ● ৯ ফেব্রুয়ারী ২০২৬


 

ট্রাক মার্কায় ভোট চাইলেন নুরুল হক নুর, উন্নয়ন-সম্প্রীতির প্রতিশ্রুতি

সাগরকন্যা প্রতিবেদক, গলাচিপা (পটুয়াখালী)

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পটুয়াখালী-৩ আসনের গলাচিপায় আয়োজিত শেষ জনসভায় ট্রাক মার্কায় ভোট চেয়েছেন গণঅধিকার পরিষদের সভাপতি, ডাকসুর সাবেক ভিপি ও বিএনপির মনোনীত জোট সমঝোতার প্রার্থী নুরুল হক নুর। সোমবার শেষ বিকালে গলাচিপা উপজেলার সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয় খেলার মাঠে গণঅধিকার পরিষদ ও বিএনপির যৌথ উদ্যোগে এ জনসভা অনুষ্ঠিত হয়।

 

নুর বলেন, সময়ের স্বল্পতা ও নানা প্রতিকূলতার কারণে সবার কাছে যেতে পারিনি, অনেকেই হয়তো প্রত্যাশা করেছিলেন আমি ঘরে ঘরে যাব, সবার সঙ্গে কথা বলব। সেটি সম্ভব হয়নি- আপনারা ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন, বলেন নুর।

 

তিনি বলেন, পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলন বা জামায়াতে ইসলামীর এককভাবে বিজয়ের মতো ভোট এখনো গড়ে ওঠেনি। এ বাস্তবতায় দলমত নির্বিশেষে উন্নয়নের স্বার্থে ট্রাক মার্কায় ভোট দেওয়ার আহ্বান জানান তিনি।

 

নুর বলেন, এ অঞ্চলের প্রধান সমস্যা যোগাযোগ ব্যবস্থা, স্বাস্থ্যসেবা, কৃষি ও মৎস্যখাত। পরিকল্পিতভাবে রাস্তাঘাট নির্মাণ, দুই উপজেলা হাসপাতাল আধুনিক করে ২৪ ঘণ্টা চিকিৎসাসেবা নিশ্চিত করা এবং কৃষক-জেলেদের ন্যায্যতা ও নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করার প্রতিশ্রুতি দেন তিনি।

 

নিজের শিক্ষাজীবনের অভিজ্ঞতা তুলে ধরে তিনি বলেন, ঝড়-বৃষ্টি ও অভাব-অনটনের মধ্য দিয়ে পড়াশোনা করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে ডাকসুর ভিপি নির্বাচিত হয়েছিলাম। এ অভিজ্ঞতা থেকে আমি এ অঞ্চলের মেধাবী ও অসচ্ছল শিক্ষার্থীদের জন্য আধুনিক ও মানসম্মত শিক্ষা নিশ্চিত করার অঙ্গীকার ব্যক্ত করছি। পাশাপাশি তরুণদের মাদক থেকে দূরে রেখে খেলাধুলা, সংস্কৃতি ও কর্মসংস্থানের সুযোগ তৈরি করা হবে।

 

হিন্দু সম্প্রদায়ের উদ্দেশে নুর বলেন, তাদের নিরাপত্তা, ব্যবসা-বাণিজ্য ও সম্মান রক্ষায় দায়িত্বশীল ভূমিকা রাখা হবে।

তিনি আরও বলেন, ট্রাক মার্কায় ভোট দিন, উন্নয়নের পক্ষে ভোট দিন, তারেক রহমানের পক্ষে ভোট দিন।

আগামী ১২ তারিখ শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ ও ফল ঘোষণার পর শান্তিপূর্ণভাবে বিজয় উদযাপনের আহ্বান জানান তিনি।

 

জনসভায় সভাপতিত্ব করেন গলাচিপা উপজেলা বিএনপির আহ্বায়ক গোলাম মোস্তফা। উপস্থিত ছিলেন গণঅধিকার পরিষদের গলাচিপা উপজেলা শাখার আহ্বায়ক আলহাজ্ব হাফিজুর রহমান, সদস্য সচিব মো. জাকির মুন্সি, জেলা যুবদলের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শিপলু খান, কেন্দ্রীয় যুবদলের সাবেক সহ-সভাপতি ইকতিয়ার রহমান কবির, উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. সোবহান মিয়া, গণঅধিকার পরিষদের যুগ্ম আহ্বায়ক সোহেব মাস্টার, জেলা যুব অধিকার পরিষদের সিনিয়র সহ-সভাপতি মহিবুল্লাহ এনিম, ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি আবু নাইমসহ দলীয় নেতাকর্মীরা।

বাংলাদেশ সময়: ২৩:০৭:১৭ ● ৩৯ বার পঠিত