বৃহস্পতিবার ● ৫ ফেব্রুয়ারী ২০২৬

কুয়াকাটায় ইয়াবাসহ পাঁচজনের কারাদণ্ড

হোম পেজ » কুয়াকাটা » কুয়াকাটায় ইয়াবাসহ পাঁচজনের কারাদণ্ড
বৃহস্পতিবার ● ৫ ফেব্রুয়ারী ২০২৬


 

কুয়াকাটায় ইয়াবাসহ পাঁচজনের কারাদণ্ড

সাগরকন্যা প্রতিবেদক, কুয়াকাটা (পটুয়াখালী

কুয়াকাটায় পৃথক অভিযানে ইয়াবা ট্যাবলেটসহ পাঁচজনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সাজা প্রদান করা হয়েছে। বুধবার (৪ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৯টা থেকে সাড়ে ১০টার মধ্যে কুয়াকাটা পৌরসভার আবাসিক হোটেল ওয়ান স্টারের সামনে এসব অভিযান পরিচালনা করা হয়।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, পটুয়াখালী ‘খ’ সার্কেলের অভিযানে উদ্ধার করা আলামতের মধ্যে রয়েছে মোট ১৮ পিস ইয়াবা ট্যাবলেট।

আটকরা হলেন- কুয়াকাটা পৌরসভার ৩নং ওয়ার্ডের বাসিন্দা মোঃ মাসুদ (৩৬), লতাচাপলী ইউনিয়নের তাজেপাড়া এলাকার মোঃ জুলহাস আকন (২৪), মুসুল্লীয়াবাদ এলাকার মোঃ রেদোয়ান মুসুল্লী (৩৪) এবং জেলার রাঙ্গাবালী উপজেলার বড় বাইশদা ইউনিয়নের কাটাখালী এলাকার মোঃ টিপু সুলতান (৪৬) ও মোঃ সোহাগ (৩৬)।

ভ্রাম্যমাণ আদালতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮-এর ৩৬(৫) ধারায় বিচার শেষে মোঃ জুলহাস আকনকে ২১ দিন বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ডে দণ্ডিত করা হয়। অপর চার আসামী প্রত্যেককে ১৪ দিন করে বিনাশ্রম কারাদণ্ড ও প্রত্যেককে ১০০ টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়েছে।

কলাপাড়া উপজেলা সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ ইয়াসিন সাদেক এ দণ্ডাদেশ প্রদান করেন। অভিযানে প্রসিকিউশন পরিচালনা করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, পটুয়াখালী ‘খ’ সার্কেলের পরিদর্শক মোঃ শাহিনুল কবীর ও উপ-পরিদর্শক মোঃ আকবর হোসেন।

আটককৃতদের বুধবার রাতেই কলাপাড়া থানায় সোপর্দ করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১২:১৯:৫৯ ● ১৬৪ বার পঠিত