সোমবার ● ২ ফেব্রুয়ারী ২০২৬
পিরোজপুরে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের মানববন্ধন
হোম পেজ » পিরোজপুর » পিরোজপুরে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের মানববন্ধন ![]()
সাগরকন্যা প্রতিবেদক, পিরোজপুর
৭ দফা দাবি বাস্তবায়ন ও ১০ম গ্রেডে ডিগ্রি ইঞ্জিনিয়ারদের জন্য ৩৩ শতাংশ কোটা সংরক্ষণের প্রস্তাব বাতিলের দাবিতে পিরোজপুরে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ছাত্র-শিক্ষক ও পেশাজীবীরা মানববন্ধন কর্মসূচি পালন করেছেন।
সোমবার (২ ফেব্রুয়ারি) সকালে শহরের টাউন ক্লাব সড়কের সামনে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ছাত্র-শিক্ষক-পেশাজীবী সংগ্রাম পরিষদ ও ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইডিইবি)-এর উদ্যোগে প্রায় এক ঘণ্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে শতাধিক ডিপ্লোমা ইঞ্জিনিয়ার অংশ নেন।
মানববন্ধনে বক্তব্য দেন আইডিইবি পিরোজপুর জেলা শাখার আহ্বায়ক প্রকৌশলী কাজী মুজিবুর রহমান, সদস্য সচিব প্রকৌশলী সৈয়দ মো. মুহসিনুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক প্রকৌশলী মো. আব্দুল ওয়াদুদ হাওলাদার, যুগ্ম সদস্য সচিব প্রকৌশলী মো. মেহেদী হাসান, কোষাধ্যক্ষ প্রকৌশলী শেখ হোসনেয়ারা পপি প্রমুখ।
বক্তারা বলেন, ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা দীর্ঘদিন ধরে দেশের অবকাঠামো উন্নয়নে মাঠপর্যায়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছেন। গ্রেড সংক্রান্ত পূর্বে মীমাংসিত বিষয়ে নতুন করে বৈষম্যমূলক সিদ্ধান্ত নিলে তা উন্নয়ন ও স্থিতিশীলতায় নেতিবাচক প্রভাব ফেলবে।
তারা দ্রুত প্রস্তাবিত কোটা বাতিল ও ৭ দফা দাবি বাস্তবায়নের আহ্বান জানান। দাবি আদায় না হলে কেন্দ্রীয় কর্মসূচি অনুযায়ী কঠোর আন্দোলনের ঘোষণা দেওয়া হবে বলেও জানান বক্তারা। পরে শান্তিপূর্ণভাবে কর্মসূচি শেষ হয়।
বাংলাদেশ সময়: ১৪:৫৮:৪৭ ● ২৪ বার পঠিত
