শনিবার ● ৩১ জানুয়ারী ২০২৬

বরগুনা-১ আসনে প্রার্থীদের নিয়ে ‘জনগণের মুখোমুখি’ অনুষ্ঠান

হোম পেজ » বরগুনা » বরগুনা-১ আসনে প্রার্থীদের নিয়ে ‘জনগণের মুখোমুখি’ অনুষ্ঠান
শনিবার ● ৩১ জানুয়ারী ২০২৬


 

বরগুনা-১ আসনে প্রার্থীদের নিয়ে ‘জনগণের মুখোমুখি’ অনুষ্ঠান

সাগরকন্যা প্রতিবেদক, বরগুনা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বরগুনা-১ সংসদীয় আসনের প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের নিয়ে ‘জনগণের মুখোমুখি’ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩১ জানুয়ারি) সকালে বরগুনা শহরের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে সুশাসনের জন্য নাগরিক (সুজন) বরগুনা জেলা কমিটির আয়োজনে এ অনুষ্ঠান হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অধ্যক্ষ মো. জিয়াউল করিম এবং সঞ্চালনা করেন সুজন বরগুনা জেলা কমিটির সম্পাদক গোলাম মোস্তফা কাদের। এতে উপস্থিত ছিলেন বিএনপি মনোনীত প্রার্থী মো. নজরুল ইসলাম মোল্লা, ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী মো. মাহমুদুল হাসান অলিউল্লাহ, খেলাফত মজলিসের প্রার্থী অ্যাডভোকেট মো. জাহাঙ্গীর হোসাইন এবং জাতীয় পার্টির (জেপি) প্রার্থী মো. জামাল হোসেন।

অনুষ্ঠানে প্রার্থীরা সরাসরি ভোটারদের প্রশ্নের উত্তর দেন। এ সময় এলাকার উন্নয়ন, কর্মসংস্থান, সুশাসন, দুর্নীতি দমন ও নাগরিক অধিকারসহ বিভিন্ন বিষয়ে প্রশ্ন তোলেন ভোটাররা। প্রার্থীরা তাঁদের ভবিষ্যৎ পরিকল্পনা ও অঙ্গীকার তুলে ধরে জবাব দেন। দল-মত নির্বিশেষে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতি ছিল লক্ষণীয়।

অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন সুজন বরিশাল জেলা কমিটির সম্পাদক রনজিত দত্ত। তিনি বলেন, অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করতে নাগরিকদের সক্রিয় অংশগ্রহণ অপরিহার্য।

এর আগে ও পরে সুজনের উদ্যোগে ভোটার সচেতনতা কার্যক্রম পরিচালনা করা হয়। জেলার বিভিন্ন এলাকায় লিফলেট বিতরণ ও প্রচারের মাধ্যমে ভোটারদের সচেতন করা হয়। লিফলেটে খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা ও চিকিৎসাকে মানুষের মৌলিক অধিকার হিসেবে উল্লেখ করে সৎ, দক্ষ ও জনকল্যাণে নিবেদিত জনপ্রতিনিধি নির্বাচনের আহ্বান জানানো হয়। পাশাপাশি কোনো ধরনের প্রলোভন, ভয়ভীতি বা অবৈধ প্রভাবের কাছে নতি স্বীকার না করে বিবেকের ভিত্তিতে ভোট প্রদানের অনুরোধ জানানো হয়।

সুজনের পক্ষ থেকে আরও বলা হয়, প্রার্থী নির্বাচনের ক্ষেত্রে সততা, দুর্নীতিমুক্ত ভাবমূর্তি, জনগণের সঙ্গে সম্পৃক্ততা ও এলাকার উন্নয়নে সক্ষমতা বিবেচনায় নেওয়া জরুরি। একই সঙ্গে নির্বাচনী সহিংসতা ও অনিয়ম প্রতিরোধে নাগরিকদের সচেতন ভূমিকা পালনের ওপর গুরুত্বারোপ করা হয়।

অনুষ্ঠানে সুজন বরিশাল আঞ্চলিক সমন্বয়কারী মেহের আফরোজ মিতাসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। আয়োজকদের প্রত্যাশা, সচেতন নাগরিক অংশগ্রহণের মাধ্যমেই একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন সম্ভব।

বাংলাদেশ সময়: ১৭:৫৮:৪২ ● ১৩৯ বার পঠিত