রবিবার ● ২৫ জানুয়ারী ২০২৬
আমতলীতে আগুন পোহাতে গিয়ে ১০৫ বছরের বৃদ্ধের মৃত্যু
হোম পেজ » বরগুনা » আমতলীতে আগুন পোহাতে গিয়ে ১০৫ বছরের বৃদ্ধের মৃত্যু
![]()
সাগরকন্যা প্রতিবেদক, আমতলী (বরগুনা)
বরগুনার আমতলী উপজেলায় শীত নিবারণের জন্য আগুন পোহাতে গিয়ে আলী আকবর চৌকিদার (১০৫) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। শনিবার দিবাগত রাত আনুমানিক তিনটার দিকে উপজেলার কুলইরচর গ্রামে এ দুর্ঘটনা ঘটে। রবিবার সকালে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
স্থানীয় ও পরিবার সূত্রে জানা যায়, আমতলী উপজেলার হলদিয়া ইউনিয়নের মৃত গয়জদ্দিন চৌকিদারের ছেলে আলী আকবর চৌকিদার দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন। শীতের তীব্রতায় তাকে প্রায়ই খরকুটার আগুন জ্বালিয়ে গা গরম করতে হতো। শনিবার রাতেও তাকে কয়েক দফা আগুন পোহাতে হয়। সর্বশেষ রাত তিনটার দিকে তার মেয়ে নার্গিস বেগম আগুন জ্বালিয়ে বাবাকে সেখানে রেখে পাশে যান। কিছুক্ষণ পর ফিরে এসে টর্চলাইট জ্বলতে দেখলেও বাবাকে সেখানে দেখতে পাননি। বিষয়টি সন্দেহজনক মনে হলে তিনি চিৎকার করলে স্বজনরা ছুটে আসেন। পরে খরকুটার আগুনে পুড়ে আলী আকবর চৌকিদারের মরদেহ পাওয়া যায়।
নিহতের মেয়ে নার্গিস আক্তার সাগরকন্যাকে বলেন, শীতের সময় বাবাকে সুস্থ রাখতে প্রায়ই ঘরের বাইরে খরকুটার আগুন পোহাতে হতো। রাত তিনটার দিকে আগুন জ্বালিয়ে পাশে যাওয়ার কিছুক্ষণ পর ফিরে এসে বাবাকে না পেয়ে ডাকাডাকি করি। পরে দেখি আগুনে পুড়ে তার শরীর ঝলসে গেছে।
আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ জাহাঙ্গির হোসেন বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
বাংলাদেশ সময়: ১৭:১১:২৮ ● ১৪৮ বার পঠিত
