বুধবার ● ১৪ জানুয়ারী ২০২৬
গলাচিপায় গণভোট জনসচেতনতায় ওপেন এয়ার কনসার্ট
হোম পেজ » পটুয়াখালী » গলাচিপায় গণভোট জনসচেতনতায় ওপেন এয়ার কনসার্ট

সাগরকন্যা প্রতিবেদক, গলাচিপা (পটুয়াখালী)
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট বিষয়ে জনসচেতনতা বাড়াতে পটুয়াখালীর গলাচিপায় উৎসবমুখর পরিবেশে একটি ওপেন এয়ার কনসার্ট অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকাল ৫টায় উপজেলা পরিষদ চত্বরে উপজেলা প্রশাসনের আয়োজনে বরিশাল বিভাগীয় জনপ্রিয় এক শিল্পীগোষ্ঠীর পরিবেশনায় এ কনসার্ট অনুষ্ঠিত হয়।
গণভোট বিষয়ে জনসচেতনতামূলক প্রচারণায় জানানো হয়, সংবিধানের গুরুত্বপূর্ণ পরিবর্তনের ক্ষেত্রে গণভোট চালু করা হবে। তত্ত্বাবধায়ক সরকার, নির্বাচন কমিশন ও সরকারি কর্ম কমিশন (পিএসসি) গঠনে সরকারি দল ও বিরোধী দল একত্রে কাজ করবে এবং সরকারি দল ইচ্ছেমতো সংবিধান সংশোধন করতে পারবে না। বিরোধী দল থেকে ডেপুটি স্পিকার ও গুরুত্বপূর্ণ সংসদীয় কমিটির সভাপতি নির্বাচিত হবেন। কোনো ব্যক্তি সর্বোচ্চ ১০ বছরের বেশি প্রধানমন্ত্রী থাকতে পারবেন না। সংসদে নারীর প্রতিনিধিত্ব ধাপে ধাপে বাড়বে এবং ক্ষমতার ভারসাম্য রক্ষায় পার্লামেন্টে একটি উচ্চকক্ষ গঠন করা হবে।
এছাড়া বিচারব্যবস্থা স্বাধীনভাবে কাজ করবে, ইন্টারনেট সেবা বন্ধ করা যাবে না, দণ্ডপ্রাপ্ত অপরাধীকে রাষ্ট্রপতি ইচ্ছেমতো ক্ষমা করতে পারবেন না এবং রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর ক্ষমতার মধ্যে ভারসাম্য নিশ্চিত করা হবে। প্রচারণায় জানানো হয়, ‘হ্যাঁ’ ভোট দিলে এসব পরিবর্তন বাস্তবায়িত হবে, আর ‘না’ ভোট দিলে কিছুই পাওয়া যাবে না। পরিবর্তনের চাবি জনগণের হাতেই- এমন বার্তাও তুলে ধরা হয়।
গণভোট বিষয়ে জনসচেতনতামূলক প্রচার কার্যক্রম ও ওপেন এয়ার কনসার্ট অনুষ্ঠানের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মাহমুদুল হাসান।
এসময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মো. সাইফুল ইসলাম সাইফ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. মেজবাহ উদ্দিন, গলাচিপা থানার অফিসার ইনচার্জ মো. জিল্লুর রহমান, উপজেলা প্রকৌশলী মো. জাহাঙ্গীর আলম, সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. জহিরুন্নবী, কৃষি কর্মকর্তা আরজু আক্তার, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. সজল দাস, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা গোলাম সগীর, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আবু জাফর, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী আব্দুর রহমান, অতিরিক্ত কৃষি কর্মকর্তা মো. আকরামুজ্জামান, গলাচিপা প্রেস ক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি জাকির হোসাইন ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মুনতাসীর মামুন।
এছাড়াও নারী সাংবাদিক সাথী আক্তার, সাংবাদিক রুজি বেগম, পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের সাগরদী রোডের নারী নেতৃত্বদানকারী সারমিন বেগমসহ রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক, সুশীল সমাজের প্রতিনিধি, শিক্ষক-শিক্ষার্থী, ধর্মীয়, সামাজিক, সাংস্কৃতিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের নেতৃবৃন্দ এবং বিভিন্ন শ্রেণি-পেশার নারী-পুরুষ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
বাংলাদেশ সময়: ২২:২৭:০৬ ● ১২৪ বার পঠিত
