শনিবার ● ৩ জানুয়ারী ২০২৬
উদ্ধারের চেষ্টা সুন্দরবনে হরিণ শিকারের ফাঁদে আটকে পড়েছে বাঘ
হোম » লিড নিউজ » উদ্ধারের চেষ্টা সুন্দরবনে হরিণ শিকারের ফাঁদে আটকে পড়েছে বাঘ

সাগরকন্যা প্রতিবেদক, বাগেরহাট
মোংলার সুন্দরবনের সরকির খাল সংলগ্ন বনের অভ্যন্তরে চোরাশিকারিদের পাতা হরিণ শিকারের ফাঁদে আটকে পড়েছে একটি রয়েল বেঙ্গল টাইগার। বাঘটি উদ্ধারে বিশেষজ্ঞদের নিয়ে রবিবার (৪ জানুয়ারি) সকালে উদ্ধার অভিযান শুরু করবে বনবিভাগ।
সুন্দরবন পূর্ব বনবিভাগের চাঁদপাই রেঞ্জের সহকারী বনসংরক্ষক দ্বীপন চন্দ্র দাস জানান, মোংলার বৈদ্ধমারী ও জয়মনি এলাকার মাঝামাঝি সরকির খালপাড়ের সুন্দরবনের অভ্যন্তরে চোরাশিকারিদের পেতে রাখা হরিণ শিকারের ফাঁদে একটি বাঘ আটকে পড়েছে।
শনিবার (৩ জানুয়ারি) দুপুরের পর খবর পেয়ে বনবিভাগের কর্মকর্তা-কর্মচারীদের ঘটনাস্থলে পাঠানো হয়। তারা গিয়ে দেখতে পান ফাঁদে একটি বাঘ আটকে রয়েছে। এরপর বনবিভাগের সদস্যরা সরকির খালপাড় এলাকা কর্ডন করে রাখেন, যাতে কোনো লোকজন ওই এলাকায় যেতে না পারে। তিনি বলেন, খালপাড় থেকে প্রায় আধা কিলোমিটার বনের ভেতরে বাঘটি ফাঁদে আটকে রয়েছে।
শনিবার গভীর রাতে সেখানে ফাঁকা গুলি ছোড়া হবে, যাতে শব্দে বাঘটি ঘটনাস্থল থেকে দূরে সরে যেতে পারে।
এদিকে বাঘটি উদ্ধারে ঢাকায় থেকে বনবিভাগের একজন ভেটেরিনারি সার্জন আনা হচ্ছে। তিনি রবিবার সকালে পৌঁছালে উদ্ধার কার্যক্রম শুরু হবে। বাঘটি উদ্ধারে ট্রাঙ্কুলাইজার ব্যবহার করা হবে।
গুলির মাধ্যমে ট্রাঙ্কুলাইজার বাঘের শরীরে প্রবেশ করানো হবে। ট্রাঙ্কুলাইজার করার পর বাঘটি প্রায় আধা ঘণ্টা অচেতন থাকবে। এ সময় সেটিকে ফাঁদ থেকে ছাড়ানো হবে।
এ ছাড়া বাঘটি যদি অন্য কোনো আঘাতে অসুস্থ হয়ে থাকে, তাহলে সেটিকে উদ্ধার করে লোহার খাঁচায় বন্দী করে খুলনা কিংবা ঢাকায় বনবিভাগের রেসকিউ সেন্টারে পাঠানো হবে।
বাংলাদেশ সময়: ২২:৩৯:৪৩ ● ১২৭ বার পঠিত
