শনিবার ● ৩ জানুয়ারী ২০২৬
পটুয়াখালী-৩ আসনকে রোল মডেলে রূপান্তরের ঘোষণা নুরের
হোম পেজ » পটুয়াখালী » পটুয়াখালী-৩ আসনকে রোল মডেলে রূপান্তরের ঘোষণা নুরের

সাগরকন্যা প্রতিবেদক, দশমিনা (পটুয়াখালী)
বিএনপির চেয়ারপার্সন, তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় পটুয়াখালীর দশমিনায় শোকসভা ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। শনিবার বাদ আসর উপজেলা পরিষদ চত্বরে এ কর্মসূচির আয়োজন করা হয়।
উপজেলা গণঅধিকার পরিষদের আহ্বায়ক লিয়ার হোসেনের সভাপতিত্বে এবং পটুয়াখালী জেলা গণঅধিকার পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক আবুল কালাম পঞ্চায়েতের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গণঅধিকার পরিষদের সভাপতি ও পটুয়াখালী-৩ (দশমিনা-গলাচিপা) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী নুরুল হক নুর।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সহ-সভাপতি ইখতিয়ার কবির, ঢাকা উত্তর মহানগর গণঅধিকার পরিষদের সিনিয়র সহ-সভাপতি মিজান হাওলাদার, পটুয়াখালী জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক শিপলু খান, দশমিনা উপজেলা গণঅধিকার পরিষদের সদস্য সচিব মিলন মাতুব্বর, যুব অধিকার পরিষদের সভাপতি কেএম ইমরান শাহিন, সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম, গলাচিপা উপজেলা বিএনপির সাবেক সভাপতি গোলাম মোস্তফা, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আশরাফ উজ্জামান এবং গলাচিপা উপজেলা মহিলা দলের সাবেক সভানেত্রী রেনু আক্তারসহ বিভিন্ন শ্রেণি-পেশার নারী-পুরুষ।
প্রধান অতিথির বক্তব্যে নুরুল হক নুর বলেন, নির্বাচিত হলে পটুয়াখালী-৩ আসনে উন্নতমানের চিকিৎসাসেবা নিশ্চিত করতে আধুনিক হাসপাতাল নির্মাণ করা হবে। মেধাবী শিক্ষার্থীদের শিক্ষা আর্থিক কারণে বন্ধ হতে দেওয়া হবে না এবং চরাঞ্চল দখলমুক্ত রাখা হবে। তিনি আরও বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, জোটের প্রার্থী হিসেবে মনোনয়ন পাওয়ায় তিনি সম্মানিত।
নুরুল হক নুর বলেন, এই আসনে বিজয়ের জন্য ঐক্যই সবচেয়ে বড় শক্তি। কোনো হুমকি বা ভয়ভীতি দেখিয়ে জনগণকে দমিয়ে রাখা যাবে না। আমরা বিজয়ের দ্বারপ্রান্তে রয়েছি। পটুয়াখালী-৩ আসনকে আগামী দিনে একটি রোল মডেল জনপদে রূপান্তর করা হবে।
বাংলাদেশ সময়: ১৮:২৮:৫৬ ● ১৬৩ বার পঠিত
