শনিবার ● ৩ জানুয়ারী ২০২৬
পটুয়াখালীতে সিয়াম হত্যা: প্রধান অভিযুক্তসহ ৪ জন গ্রেফতার
হোম » লিড নিউজ » পটুয়াখালীতে সিয়াম হত্যা: প্রধান অভিযুক্তসহ ৪ জন গ্রেফতার

সাগরকন্যা প্রতিবেদক, পটুয়াখালী
পটুয়াখালী শহরে পূর্বশত্রুতার জেরে ব্যাট ও লোহার রড দিয়ে পিটিয়ে এক টাইলস মিস্ত্রিকে হত্যার ঘটনায় প্রধান অভিযুক্তসহ চারজনকে গ্রেফতার করেছে পুলিশ। নিহত যুবকের নাম খন্দকার নাহিদ ওরফে সিয়াম (২৫)। তিনি পটুয়াখালী পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের টাউন কালিকাপুর এলাকার বাসিন্দা এবং খন্দকার নিজামের ছেলে। তিনি পেশায় একজন টাইলস মিস্ত্রি ছিলেন বলে পারিবারিক সূত্রে জানা গেছে।
ঘটনাটি ঘটে গত ৩০ ডিসেম্বর রাত সাড়ে ১০টার দিকে এবং পরদিন ৩১ ডিসেম্বর বিকেল সোয়া ৫টার দিকে দু’দফায়। প্রথম দফায় কলাতলা মাছ বাজার সংলগ্ন এলাকায় নাহিদ ও তার ছোট ভাই খন্দকার ফাহিমের ওপর চড়-থাপ্পড় ও কিল-ঘুষি চালানো হয়। স্থানীয়রা এগিয়ে এলে উভয় পক্ষ নিজ নিজ বাসায় ফিরে যায়।
পরদিন বিকেলে পটুয়াখালী পৌরসভার রুস্তম মৃধা কালভার্ট সংলগ্ন ‘হোয়াইট হাউজ’ নামের একটি নির্মাণাধীন ভবনের নিচে দ্বিতীয় দফায় হামলার শিকার হন নাহিদ। অভিযোগ অনুযায়ী, মাহিনের নেতৃত্বে একদল যুবক তার পথরোধ করে ক্রিকেট ব্যাট, স্ট্যাম্প ও লোহার রড দিয়ে এলোপাতাড়ি মারধর করে। একপর্যায়ে মাহিন ক্রিকেট ব্যাট দিয়ে নাহিদের মাথায় সজোরে আঘাত করলে তিনি গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই অজ্ঞান হয়ে পড়েন। হামলাকারীরা তার ব্যবহৃত একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে পালিয়ে যায় বলেও মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে।
স্থানীয়দের সহায়তায় আহত নাহিদকে প্রথমে পটুয়াখালী সদর হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে তাকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার দুপুরে তার মৃত্যু হয়।
এ ঘটনায় নিহতের মা মোসা. নাসরিন আক্তার (৪৫) পটুয়াখালী সদর থানায় ১১ জনের নাম উল্লেখ করে একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার তদন্তে এ পর্যন্ত চারজনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতরা হলেন মাহিন (২৩), নাহিদ (২৩), মো. তুষার (২৩) ও সাইফুল ইসলাম হিরা (২৩)। তারা সবাই পটুয়াখালী পৌরসভার বিভিন্ন এলাকার বাসিন্দা।
পটুয়াখালী সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনিরুজ্জামান জানান, মামলার অন্যান্য আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে। নিহত নাহিদের মরদেহ বর্তমানে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্ত প্রক্রিয়াধীন রয়েছে।
বাংলাদেশ সময়: ১২:৫১:৫৬ ● ১৯৭ বার পঠিত
