শনিবার ● ২০ ডিসেম্বর ২০২৫

নেছারাবাদ স্বাস্থ্য কমপ্লেক্সে নৌপথে আসা রোগীদের দুর্ভোগ চরমে

হোম পেজ » লিড নিউজ » নেছারাবাদ স্বাস্থ্য কমপ্লেক্সে নৌপথে আসা রোগীদের দুর্ভোগ চরমে
শনিবার ● ২০ ডিসেম্বর ২০২৫


 

নেছারাবাদ স্বাস্থ্য কমপ্লেক্সে নৌপথে আসা রোগীদের দুর্ভোগ চরমে

সাগরকন্যা প্রতিবেদক, নেছারাবাদ (পিরোজপুর)

নেছারাবাদ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নৌপথে আগত রোগী ও তাদের স্বজনদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। অভিযোগ, হাসপাতাল সংলগ্ন গুরুত্বপূর্ণ ঘাটলায় অপ্রয়োজনীয়ভাবে পাবলিক টয়লেট নির্মাণ করা হয়েছে।

স্থানীয়রা জানাচ্ছেন, দীর্ঘদিন ধরে ব্যবহৃত ওই ঘাটলাটি বন্ধ হয়ে যাওয়ায় শতশত রোগীর যাতায়াত মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। ঘাটলার পাশেই আগে থেকে একটি টয়লেট ছিল। স্বাস্থ্য কমপ্লেক্সে নেছারাবাদ ছাড়াও পার্শ্ববর্তী নাজিরপুর, বানারীপাড়া ও ঝালকাঠি জেলা থেকে রোগী আসেন। নদীপথের সুবিধার কারণে রোগীর চাপ অন্যান্য হাসপাতালের তুলনায় বেশি।

বর্ষা মৌসুম ও নদীপথনির্ভর এলাকার মানুষের জন্য ঘাটলাটি ছিল অত্যন্ত কার্যকর। কিন্তু কয়েক বছর আগে ওই ঘাটলার সামনে টয়লেট নির্মাণ হওয়ায় নৌপথে আগত রোগীরা কাদা-পানি মাড়িয়ে হাসপাতালে যেতে বাধ্য হচ্ছেন।

স্থানীয়রা জানিয়েছেন, জগন্নাথকাঠি বন্দরের কর্তৃপক্ষ টয়লেট নির্মাণের সময় নতুন ঘাটলার আশ্বাস দিয়েছিলেন। তবে দীর্ঘদিন পার হয়ে গেলেও কার্যকর উদ্যোগ নেওয়া হয়নি। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিবাদ ও বিভিন্ন দপ্তরে যোগাযোগ করার পরও সমস্যা সমাধান হয়নি।

সচেতন মহল বলেন, একটি জনস্বার্থসংক্রান্ত ঘাটলা বন্ধ করে অপ্রয়োজনীয় টয়লেট নির্মাণ চরম পরিকল্পনাহীনতার প্রমাণ। তারা দ্রুত নতুন ঘাটলা নির্মাণের দাবি জানিয়েছেন।

নেছারাবাদ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আসাদুজ্জামান বলেন, রোগীদের, বিশেষ করে গর্ভবতী নারীদের কষ্ট হচ্ছে। আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করেছি এবং দ্রুততম সময়ের মধ্যে নতুন ঘাটলা নির্মাণের উদ্যোগ নেওয়ার জন্য অনুরোধ জানিয়েছি।

বাংলাদেশ সময়: ২১:৩৮:৪১ ● ১১৫ বার পঠিত