বুধবার ● ৩ সেপ্টেম্বর ২০২৫

মহিপুরে এক ইলিশের দাম ছয় হাজার টাকা!

হোম » পটুয়াখালী » মহিপুরে এক ইলিশের দাম ছয় হাজার টাকা!
বুধবার ● ৩ সেপ্টেম্বর ২০২৫


---

সাগরকন্যা প্রতিবেদক, কলাপাড়া(পটুয়াখালী)

পটুয়াখালীর কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরে জেলের জালে ধরা পড়েছে দুই কেজি ১০০ গ্রাম ওজনের একটি ইলিশ। এই ইলিশ মাছটি বিক্রি হয়েছে ৬ হাজার ৯০ টাকায়।

বুধবার সকালে মৎস্য বন্দর মহিপুরে মনোয়ারা মৎস্য আড়তে মাছটি বিক্রি হয়। কেজিপ্রতি মাছটির দাম পড়ে ২ হাজার ৯০০টাকা। জানা গেছে, গত সোমবার পহেলা সেপ্টেম্বর বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে স্থানীয় জেলে দেলোয়ার মাঝির এফবি মা ট্রলারে অন্যান্য মাছের সঙ্গে এই বিশাল ইলিশটি ধরা পড়ে। মাছটি মৎস্য বন্দর মহিপুর আড়তে নিয়ে আসলে স্থানীয় জনতা ভিড় জমায়।

মাছটির ক্রেতা ছগির আকন বলেন, বুধবার সকালে জেলে দেলোয়ার মাঝি মাছটিকে মৎস্য আড়তে নিয়ে এলে এক লাখ ১৬ হাজার টাকা মণ ধরে ৬ হাজার ৯০ টাকায় মাছটি ক্রয় করি। এরকমের বড় মাছ তেমন বেশি পাওয়া যায় না।

কলাপাড়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা বলেন, বড় ইলিশ মূলত গভীর সমুদ্রের মাছ।এমন বড় ইলিশ ধরা পড়া জেলেদের জন্য আনন্দের খবর। যদি নিয়মকানুন মেনে মাছ ধরা হয়, তাহলে ভবিষ্যতেও বঙ্গোপসাগরে আরও বড় বড় ইলিশ ধরা পড়বে।

 

 

এমবি/এমআর

 

বাংলাদেশ সময়: ১৬:৫৮:৫৮ ● ২১৫ বার পঠিত