শনিবার ● ২৮ নভেম্বর ২০২৬
নাজিরপুরে জামায়াত ও বিএনপি কর্মীর দোকানে আগুন, ক্ষতি ২০ লাখ টাকা
হোম » পিরোজপুর » নাজিরপুরে জামায়াত ও বিএনপি কর্মীর দোকানে আগুন, ক্ষতি ২০ লাখ টাকা
![]()
সাগরকন্যা প্রতিবেদক, পিরোজপুর
পিরোজপুরের নাজিরপুর উপজেলার রঘুনাথপুর বাজারে জামায়াত ও বিএনপির দুই কর্মীর দোকানে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে। শনিবার (২৮ নভেম্বর) রাত ২টার দিকে উপজেলার শেখমাটিয়া ইউনিয়নের রঘুনাথপুর বাজারে এ ঘটনা ঘটে। এতে প্রায় ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্তরা।
স্থানীয়দের অভিযোগ, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর নেতাকর্মীরা শেখমাটিয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড জামায়াতের সভাপতি মাওলানা আবুল কালাম ও ওয়ার্ড যুবদলের কর্মী মো. সোহেলের দোকানে আগুন দিয়েছেন।
প্রত্যক্ষদর্শী ও ওই ওয়ার্ড বিএনপির সভাপতি আইয়ুব আলী জানান, প্রতিরাতে স্থানীয় বিএনপির নেতাকর্মীরা নিয়মিত বাজার পাহারা দেন। ওই রাতে বাজার পাহারা দেওয়াকে কেন্দ্র করে খিচুড়ি রান্নার আয়োজন করা হয়। রাত ২টার দিকে সবাই খিচুড়ি খেতে বসলে এ ঘটনা ঘটে।
ঘটনাস্থল পরিদর্শন করেছেন নাজিরপুর উপজেলা বিএনপির সদস্য সচিব আবু হাসান খান, সিনিয়র যুগ্ম আহ্বায়ক রেজাউল করিম লিটন ও উপজেলা জামায়াতের আমির মাওলানা আব্দুর রাজ্জাক।
নাজিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম জানান, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। এখন পর্যন্ত লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
বাংলাদেশ সময়: ২১:৪৮:৫২
