শনিবার ● ২৮ নভেম্বর ২০২৬
কলাপাড়ায় ৬ গ্রামের মানুষের দুর্ভোগের অবসান হচ্ছে, পাকা হচ্ছে গুরুত্বপূর্ণ সড়কটি
হোম » পটুয়াখালী » কলাপাড়ায় ৬ গ্রামের মানুষের দুর্ভোগের অবসান হচ্ছে, পাকা হচ্ছে গুরুত্বপূর্ণ সড়কটি
![]()
সাগরকন্যা প্রতিবেদক, কলাপাড়া (পটুয়াখালী)
পটুয়াখালীর কলাপাড়া উপজেলার ধুলাসার ইউনিয়নের ছয় গ্রামের মানুষের দীর্ঘদিনের দুর্ভোগের অবসান হতে যাচ্ছে। দীর্ঘদিন ধরে চলাচলের অনুপযোগী থাকা একটি গুরুত্বপূর্ণ কাঁচা সড়ক পাকা করার উদ্যোগ নেওয়া হয়েছে। সড়কটি দিয়ে চলাচলকারী স্কুল-কলেজের শিক্ষার্থী, কৃষক, রোগীসহ সাধারণ মানুষকে বছরের পর বছর দুর্ভোগ পোহাতে হচ্ছে। বিশেষ করে বর্ষা মৌসুমে সামান্য বৃষ্টিতেই সড়কটি কাদায় একাকার হয়ে পড়ে। তখন দেখে বোঝার উপায় থাকে না, এটি কাঁচা রাস্তা, নাকি হালচাষ করা জমি।
কলাপাড়া উপজেলা প্রকৌশলীর কার্যালয় সূত্রে জানা গেছে, অনন্তপাড়া খেয়াঘাট থেকে মনজু মিয়ার দোকান পর্যন্ত পানি উন্নয়ন বোর্ডের আওতাধীন ৫০০ মিটার সড়ক পাকা করার টেন্ডার প্রক্রিয়া ২০২৬ সালের সেপ্টেম্বর মাসে শেষ হয়েছে। এ ছাড়া নয়াকাটা মনজু মিয়ার দোকান থেকে সাত ভাইয়ের ঘাট পর্যন্ত প্রায় ২ দশমিক ১৫০ কিলোমিটার সড়ক বিসি দ্বারা উন্নয়নের প্রস্তাব করা হয়েছে। ২০২৬ সালের ২২ নভেম্বর এ-সংক্রান্ত প্রস্তাব করা হয়। ৫৭৮৬৬৫০০৫ রোড আইডির এ সড়ক উন্নয়নে প্রাক্কলিত ব্যয় ধরা হয়েছে ২ কোটি ৭০ লাখ টাকা। সড়কটির টেন্ডার প্রক্রিয়া চলমান রয়েছে।
চলতি বছরের ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে পটুয়াখালী-৪ আসনের বিএনপির প্রার্থী ও কেন্দ্রীয় প্রশিক্ষণবিষয়ক সম্পাদক আলহাজ এবিএম মোশাররফ হোসেন এ সড়ক উন্নয়নের প্রতিশ্রুতি দেন। নির্বাচনের সময় নিজ জন্মভূমির প্রতি টান থেকে তিনি তারিকাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আয়োজিত উঠান বৈঠকেও ভোটারদের কাছে প্রতিশ্রুতি দেন। নির্বাচনে বিএনপি নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়ে সরকার গঠনের পর সেই প্রতিশ্রুতি বাস্তবায়নে উদ্যোগ নেওয়া হয়েছে। কলাপাড়া উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক মেয়র হাজী হুমায়ুন শিকদারও প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ করছেন।
সম্প্রতি সরেজমিনে দেখা গেছে, সড়কটির বিভিন্ন অংশের মাটি ক্ষয়ে অসংখ্য খানাখন্দের সৃষ্টি হয়েছে। বড় বড় গর্তে বৃষ্টির পানি জমে থাকে। বর্ষা মৌসুমে সামান্য বৃষ্টিতেই পুরো সড়ক কাদায় পরিণত হয়। এতে যানবাহন তো দূরের কথা, পায়ে হেঁটে চলাচল করাও কঠিন হয়ে পড়ে।
এ সড়ক দিয়ে ধুলাসার বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়, মনসাতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়, তারিকাটা দাখিল মাদ্রাসা, ধুলাসার আলহাজ জালাল উদ্দিন কলেজ, চরচাপলী ইসলামিয়া মাধ্যমিক বিদ্যালয়, বৌলতলী সৈয়দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, অনন্তপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ও নয়াকাটা এবতেদায়ি মাদ্রাসার শিক্ষার্থীদের যাতায়াত করতে হয়। ফলে প্রতিদিনই শিক্ষার্থীদের ভোগান্তিতে পড়তে হচ্ছে। পাশাপাশি অসুস্থ রোগী, গর্ভবতী নারী, কৃষক ও সাধারণ মানুষের যাতায়াতেও চরম দুর্ভোগ সৃষ্টি হচ্ছে।
ধুলাসার ইউনিয়নের নয়াকাটা গ্রামের সাবেক ইউপি সদস্য নোয়াব আলী হাওলাদার বলেন, ‘আমার জীবনের দীর্ঘ প্রতীক্ষা ছিল, এই রাস্তা পাকা দেখে যেতে পারব কি না। তবে আমাদের সংসদ সদস্য আলহাজ এবিএম মোশাররফ হোসেন ও উপজেলা বিএনপির সভাপতি সাবেক মেয়র হাজী হুমায়ুন শিকদারের অনুপ্রেরণায় দীর্ঘদিনের এই দুর্ভোগ থেকে ছয় গ্রামের মানুষ মুক্তি পেতে যাচ্ছে।’
কলাপাড়া উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক মেয়র হাজী হুমায়ুন শিকদার বলেন, ‘নির্বাচনের আগে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নের চেষ্টা করে চলছি।’
পটুয়াখালী-৪ আসনের সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় প্রশিক্ষণবিষয়ক সম্পাদক আলহাজ এ বি এম মোশাররফ হোসেন বলেন, ‘বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) আমার নির্বাচনী আসনের জনগণের কাছে যেসব প্রতিশ্রুতি দিয়েছিল, সরকার গঠনের পর সেগুলো বাস্তবায়নে কাজ করছি।’
বাংলাদেশ সময়: ১৬:৩৬:৫২
